মাদকের ভয়াল থাবা থেকে গ্রামীণ জনপদ ও যুবসমাজকে রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি এবার এগিয়ে এসেছেন সাধারণ মানুষও। জনসচেতনতা ও পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নেত্রকোনার পূর্বধলায় স্থানীয় লোকজনের সক্রিয় সহায়তায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এবং নেত্রকোনা জেলা পুলিশের প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ওই ব্যক্তির হলেন- মো. নুরুজ্জামান (৩২)। তিনি পূর্বধলা থানাধীন ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের বটপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) বেলা আনুমানিক ১১টার দিকে পূর্বধলা থানার ৯ নম্বর খলিশাউড় ইউনিয়নের যাতাবাড়ী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় স্থানীয় সচেতন লোকজনের সহায়তায় নুরুজ্জামানকে চার পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে পুলিশ।
আটকের পর তাৎক্ষণিকভাবে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শফিকুল ইসলামের নির্দেশক্রমে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
শুনানি শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় অভিযুক্ত নুরুজ্জামানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুইশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সাজা ঘোষণার পর আইনানুগ প্রক্রিয়া শেষে দণ্ডপ্রাপ্ত আসামিকে নেত্রকোনা জেলা কারাগারে (জেল হাজতে) প্রেরণ করা হয়েছে।
পড়ুন:চুয়াডাঙ্গায় গলায় খাবার আটকে বৃদ্ধর মৃত্যু
ইমি/


