দা-কাস্তে হাতে ঝোপঝাড় পরিষ্কারে নেত্রকোনার প্রশাসনিক কর্মকর্তারা

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মশার বংশবিস্তার রোধ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা তৈরির লক্ষ্যে নেত্রকোনায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। সচরাচর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে দাপ্তরিক নথিপত্র সামলানো প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের শনিবার (৩১ অক্টোবর) সকালে দেখা গেল এক ভিন্ন রূপে। হাতে দা, কাস্তে ও ঝাড়ু নিয়ে মাঠপর্যায়ে ঝোপঝাড় ও আবর্জনা পরিষ্কারে সরাসরি অংশ নিলেন তারা, যা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে ‘দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের অংশ হিসেবে নেত্রকোনা জেলা প্রশাসন ও নেত্রকোনা পৌরসভার যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। অভিযানের আওতায় নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর কার্যালয়ের ভেতরের চত্বর এবং জেলা প্রশাসক কার্যালয়ের মসজিদ ও পুকুর সংলগ্ন বিস্তীর্ণ এলাকার আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। দীর্ঘদিনের জমে থাকা ঘন ঘাস, কচুরিপানা, পরিত্যক্ত ডাবের খোসা এবং মশার অভয়াশ্রম হয়ে ওঠা ঝোপঝাড় নিজ হাতে কেটে পরিষ্কার করেন তাঁরা।

এ অভিযানে নেতৃত্ব দেন এবং সরাসরি শ্রম দেন নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি) এ.কে.এম. আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি এবং রাজস্ব) মুন মুন জাহান লিজা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা) তোফায়েল আহমেদ।

বিশেষ করে অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজাকে নিজে হাতে কাস্তে নিয়ে ঘাস ও আগাছা কাটতে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের দা হাতে ঝোপঝাড় পরিষ্কার করতে দেখে উপস্থিত অন্যান্য কর্মচারী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। এ সময় তাদের সাথে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং নেত্রকোনা পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অভিযান চলাকালে কর্মকর্তারা জানান, কেবল নির্দেশনা দিয়ে নয়, বরং নিজেরা মাঠে নেমে কাজ করলে সাধারণ মানুষের মাঝে সচেতনতার বার্তাটি দ্রুত পৌঁছায়। ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিটি দপ্তরের আঙিনা এবং বাসাবাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যেন পানি জমে না থাকে তা নিশ্চিত করা এখন সময়ের দাবি। প্রশাসনের এই প্রতীকী কিন্তু কার্যকর উদ্যোগের মূল উদ্দেশ্যই হলো শহরের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা কাজে উদ্বুদ্ধ করা।

নেত্রকোনা জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, সরকারি দপ্তর ও আবাসিক এলাকায় এ ধরনের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান ধারাবাহিকভাবে শনিবার এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুর নবরূপীর বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন