সরকার জনগণের গণরায় অস্বীকার করছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, সংসদীয় ভোটের রায় ছিনতাই হয়েছে। বুঝতে পারেনি বলেই গণভোটের রায় ছিনতাইয়ের সুযোগ পায়নি। কিন্তু এখন তারা সেই গণরায়কেও অস্বীকার করছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদের পথে হাঁটলে শেষ পর্যন্ত খালে-বিলে থাকতে হবে এবং দেশ ছেড়েই পালাতে হবে।
আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টায় যশোরের মুড়লি মোড়ে ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চের অংশ হিসেবে আয়োজিত এক বিশাল পথসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যশোর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশে জামায়াতে আমীর বলেন, আমাদের দাবি মেনে নিন, নইলে সরকার যদি একদফা আন্দোলনের মুখে পড়ে, তবে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না।
বিরোধী দলীয় নেতার বিভিন্ন মন্তব্যের কথা তুলে ধরে জামায়াত আমীর আরও বলেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে কাউকে কার্ড দিচ্ছে না। সরকারের তহবিল জনগণের তহবিল থেকে কার্ড দেয়া হচ্ছে। তাতেও দুর্নীতি অনিয়ম। তাদের কার্ড রাতের বেলায় পুকুর পাড়ে পাওয়া যায়।
সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, হেফাজতে ইসলামের আমীর আল্লামা মামুনুল হক, জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, এনসিপির যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহসহ ১১ দলীয় ঐক্যজোটের কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা সরকারের বিভিন্ন অপশাসন ও রাজনৈতিক অধিকার হরণের কঠোর সমালোচনা করেন এবং গণদাবি আদায়ে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।
পড়ুন : খালিয়াজুরীতে স্টে অর্ডার অমান্য করে জলমহালে মাছ ধরায় লাখ টাকা জরিমানা


