টাঙ্গাইলে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) পৃথক ও যৌথ অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও মানব পাচার মামলার এক তদন্তেপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহৃত এক ভিকটিম-কে উদ্ধার করেছে আভিযানিক দল।
এসআরবি-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল ক্যাম্প সূত্রে জানা যায়, গত ৩০ ও ৩১ অক্টোবর দুই দিন গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত নাগরপুরের চাষা ভাদ্রা গ্রামের আরফান মোল্লার ছেলে মো. মিজানুর রহমান-কে (৩২) টাঙ্গাইল সদর থানার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এ ছাড়া মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন আইনের মামলার তদন্তেপ্রাপ্ত আসামি মো. অপূর্ব রহমানকে (২৫) গাজীপুরের জয়দেবপুর থানার মির্জাপুর মনিপুর মধ্যপাড়া এলাকা থেকে যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে অপহৃত এক ভিকটিম-কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।
অন্যদিকে, নাগরপুর থানার ২০১৮ সালের একটি মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. রঞ্জু খানকে উপজেলার সলিমাবাদ রোডের বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এসআরবি জানায়, গ্রেপ্তার এড়াতে আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়।
উদ্ধার হওয়া ভিকটিমকে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পড়ুন : দিনাজপুর নবরূপীর বার্ষিক সাধারন সভা ও নতুন কমিটি গঠন


