​গাইবান্ধায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কা, পান শ্রমিক নিহত

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোভ্যানে মালবোঝাই ট্রাকের ধাক্কায় এনামুল হক (৪০) নামের এক পান শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

​সোমবার (২ নভেম্বর) সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের জামালহাট (কামরাঙ্গার তল) এলাকায় রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

​নিহত এনামুল হক রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের ইমাদপুর (হাজীপাড়া) গ্রামের মৃত সোলেমানের ছেলে। এ ছাড়া গুরুতর আহত আনোয়ার হোসেন (৪২) একই এলাকার মো. মোন্তাজ আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে স্থানীয় একটি পানের বরজে কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন শ্রমিকরা। পরে সুন্দরগঞ্জ-রংপুর মহাসড়কের পাশে একটি অটোভ্যানে ওঠার সময় পেছন থেকে দ্রুতগতির একটি মালবোঝাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান শ্রমিক এনামুল হক। এ সময় অটোভ্যানচালক ও অপর এক শ্রমিক গুরুতর আহত হন।

​স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে আহত দুজনকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক। তবে আহত ভ্যানচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা জানান, দাঁড়িয়ে থাকা অটোভ্যানে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে নিহত পান শ্রমিকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ট্রাকটিকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন