২২৩ টাকা বাড়িয়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এ দর নির্ধারণের তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এর আগে, ১২ কেজি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৮৩৭ টাকায় বিক্রি হতো।
নতুন দাম আজ সোমবার রাত ৮টা থেকেই কার্যকর হবে। শুধু ১২ কেজি নয় ৫ কেজি থেকে শুরু করে ৪৫ কেজি পর্যন্ত সব সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকো ঘোষিত নভেম্বর মাসের সৌদি কন্ট্রাক্ট প্রাইস (এসসিপি) এবং অন্যান্য প্রাসঙ্গিক বিষয় বিবেচনায় নিয়ে এলপিজির নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রোপেনের দাম প্রতি মেট্রিক টন ৭২০ মার্কিন ডলার এবং বিউটেনের দাম ৭৮০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া বেসরকারি এলপিজির পরিবহন, মজুতকরণ, বোতলজাতকরণ ও বিতরণসংক্রান্ত বিভিন্ন চার্জও পুনর্নির্ধারণ করেছে কমিশন। অন্যদিকে, ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৯৯ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
পড়ুন : ফটিকছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত


