আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সার্বিক কর্মদক্ষতায় রংপুর রেঞ্জের আটটি জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা পুলিশ নির্বাচিত হয়েছে গাইবান্ধা। বুধবার (৪ নভেম্বর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রেঞ্জাধীন বিভিন্ন জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং পুলিশি কার্যক্রমের বিস্তারিত মূল্যায়ন করা হয়। মূল্যায়নে সার্বিক দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করে গাইবান্ধা জেলা পুলিশ।
সভা শেষে গাইবান্ধা জেলা পুলিশের পক্ষে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন পুলিশ সুপার (এসপি) মো. জসিম উদ্দীন।
এই অর্জনে সন্তোষ প্রকাশ করে গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন বলেন,”রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে গাইবান্ধা জেলা পুলিশের স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। এ অর্জন জেলা পুলিশের প্রতিটি সদস্যের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা ও পেশাদারত্বের ফল। এই স্বীকৃতি আমাদের কাজের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ আরও বেশি আন্তরিকতা ও পেশাদারত্বের সাথে কাজ করবে। জনগণের অকৃত্রিম সহযোগিতা ও আস্থাই এই ধারা অব্যাহত রাখার প্রধান শক্তি।
মাসিক অপরাধ পর্যালোচনা ও পুরস্কার বিতরণী এ সভায় রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ এবং রেঞ্জধীন অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
পড়ুন : অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা: চক্রের আরও ২ সহযোগী গ্রেপ্তার


