তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ দেওয়ার সুযোগকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র। ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে চক্রটি। এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকতে সম্ভাব্য ঋণগ্রহীতা ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, সম্প্রতি তাদের নজরে এসেছে যে, ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী বিভিন্ন মাধ্যমে অর্থ আদায়ের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের প্রতারণার ফাঁদে না পড়তে সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উদ্যোগ’ কর্মসূচির সব কার্যক্রম স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তাই ঋণ পাওয়ার নিশ্চয়তা দেওয়া কিংবা ঋণ পাইয়ে দেওয়ার নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে অর্থ দেওয়া থেকে বিরত থাকতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ‘উদ্যোগ’ নামে তাদের কোনো আনুষ্ঠানিক ফেসবুক পেজ বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে অফিসিয়াল অ্যাকাউন্ট নেই। ফলে এ নামে কোনো পেজ বা অ্যাকাউন্ট খুলে বিভ্রান্তিকর তথ্য প্রচার কিংবা প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রচলিত তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-সংক্রান্ত আইনসহ প্রযোজ্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের প্রতারণামূলক প্রচারণায় প্রভাবিত না হওয়া এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ‘উদ্যোগ’ কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং প্রয়োজনীয় অর্থায়নের ব্যবস্থা করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়নের সুযোগ পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ হিসেবে পরিশোধ করতে হবে এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। অর্থাৎ উদ্যোক্তাদের জন্য অর্ধেক অর্থ ফেরত দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।
এই উদ্যোগের মাধ্যমে নতুন ব্যবসা শুরু করতে আগ্রহী তরুণদের পাশাপাশি যাঁরা ইতিমধ্যে ছোট পরিসরে ব্যবসা পরিচালনা করছেন, তাঁদের ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের অবশিষ্ট ৫৬ জেলার তরুণ উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া এ আবেদন কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
কর্মসূচিটির মাধ্যমে উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় উদ্যোক্তা শনাক্ত করে তাঁদের ব্যবসায়িক উদ্যোগ বাস্তবায়নে অর্থায়ন করা হবে। এর ফলে স্থানীয় পর্যায়ে নতুন ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি তরুণদের আত্মকর্মসংস্থানে উৎসাহিত করা সম্ভব হবে।
তবে ঋণ পাওয়ার আশায় কোনো মধ্যস্থতাকারী বা অপরিচিত ব্যক্তিকে বিকাশ, নগদ কিংবা অন্য কোনো মাধ্যমে টাকা না দেওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে ঋণ নিশ্চিত করার নামে আগাম টাকা দাবি করা হলে তা প্রতারণার চেষ্টা হিসেবে বিবেচনা করার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কবার্তা।
বাংলাদেশ ব্যাংকের এই কর্মসূচিতে আগ্রহী তরুণ উদ্যোক্তাদের নির্ধারিত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও প্রতারক চক্রের প্রলোভন এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পড়ুন:শীতের সবজির সরবরাহ বাড়ায় স্বস্তি ক্রেতাদের, চড়া মাছ-মাংসের বাজার
ইমি/


