চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফ পরা অবস্থায় এক মাদক কারবারির পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার জাফতনগর পুলিশ ফাঁড়িতে এ ঘটনা ঘটে।
পালিয়ে যাওয়া ব্যক্তির নাম ইয়াসিন। তিনি মোহাম্মদ ইউনুছের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জাফতনগর ইউনিয়নের মোহাম্মদ তকিরহাট সংলগ্ন আমির আলী সওদাগর বাড়ির নিজ ঘর থেকে চার গ্যালন মদসহ ইয়াসিনকে আটক করেন জাফতনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তাকে ফাঁড়িতে নিয়ে আসা হয়।
ফাঁড়িতে অবস্থানকালে প্রস্রাব করার কথা বলে হ্যান্ডকাফ পরা অবস্থায় বাইরে বের হন ইয়াসিন। এ সময় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হ্যান্ডকাফসহ পালিয়ে যান তিনি। এ ঘটনায় ফাঁড়ির পুলিশ সদস্যদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
এ বিষয়ে জানতে জাফতনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) পরিমলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। পরবর্তীতে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তবে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মদসহ একজন আসামিকে আটক করা হয়েছিল। প্রস্রাব করার কথা বলে তিনি পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। যেকোনোভাবে তাকে আটক করা হবে।
পড়ুন : কসবায় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ


