লালমনিরহাটে জাতীয় শিশুকিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ আয়োজিত জেলা পর্যায়ের হাতের লেখা প্রতিযোগিতায় (ক গ্রুপ) প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করেছে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থী। তাদের এ সাফল্যে বিদ্যালয়জুড়ে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান। একই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইয়াছিন আরাফাত অর্জন করেছে দ্বিতীয় স্থান। তৃতীয় স্থান অধিকার করেছে পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থী।
দুই শিক্ষার্থীর এ অর্জন উদযাপনে শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
এর আগে শুক্রবার দুপুরে জেলা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলুল ইসলাম এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) আল-আমীন ইসলাম।
প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থী সালমান ফারসি রেদওয়ান জানায়, প্রথম স্থান অর্জন করতে পেরে সে খুবই আনন্দিত। এ সাফল্যের জন্য নিয়মিত অনুশীলন করেছে। ভবিষ্যতেও পড়াশোনার পাশাপাশি এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিয়ে ভালো ফল করতে চায় সে।
সালমানের বাবা বলেন, সন্তানের এমন অর্জনে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ সাফল্যের পেছনে বিদ্যালয়ের শিক্ষক ও পরিবারের উৎসাহ-অনুপ্রেরণা রয়েছে। ভবিষ্যতেও সন্তান যেন পড়াশোনায় আরও এগিয়ে যাওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সেই প্রত্যাশা তাদের।
শিবরাম আদর্শ পাবলিক স্কুলের পরিচালক ও অধ্যক্ষ রাশেদুল ইসলাম রাশেদ বলেন, একই প্রতিযোগিতায় বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশ নিতে উৎসাহিত করা হয়। এ সাফল্য বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম বলেন, শিশুদের সুন্দর হাতের লেখা চর্চা, মনোযোগ ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ও সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হয়। শিবরাম আদর্শ পাবলিক স্কুলের দুই শিক্ষার্থীর এমন সাফল্য প্রশংসনীয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিভিন্ন প্রতিযোগিতা ও সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। দুই শিক্ষার্থীর এ অর্জন বিদ্যালয়ের সেই উদ্যোগকে আরও এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে।
পড়ুন:মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
ইমি/


