চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির হেয়াকো বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত তিনজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে হেয়াকো বাজারের ‘ভোজন রসিক’ রেস্টুরেন্টের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর ফটিকছড়িতে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতা ঘোষণা কবির ও বিপ্লবের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার রাতে ওই রেস্টুরেন্টে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন ধারালো দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সংঘর্ষে ঘোষণা কবিরের পেটে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়। অপরদিকে, বিপ্লবের নিতম্বে এবং তাঁর পক্ষের অপর এক কর্মীর বাম হাতের কনুইতে ছুরিকাঘাত লাগে। পরে আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, বিপ্লব ও ঘোষণা কবিরের পক্ষের মধ্যে পুরোনো বিরোধের জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের তিনজন ছুরিকাঘাতে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন:মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ
ইমি/


