দুর্ঘটনায় মেরুদণ্ড ভেঙে থমকে গেছে জীবন, দুই সন্তান রেখে চলে গেলেন স্ত্রী, দিশেহারা নবীর উদ্দিন

একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবনযাপনের সক্ষমতা। মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়ে অবশ হয়ে গেছে দুই পা। একসময় নিজের উপার্জনে চলত সংসার। স্ত্রী ও এক ছেলে, এক মেয়েকে নিয়ে ছিল ছোট্ট পরিবার। কিন্তু দুর্ঘটনার পর বদলে যায় সবকিছু। কর্মক্ষমতা হারিয়ে অসহায় হয়ে পড়েন তিনি। এর মধ্যে স্ত্রীও ছেড়ে গেছেন তাঁকে। এখন সাত বছরের ছেলে ও দশ বছরের মেয়েকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন কাটছে নোয়াখালীর হাতিয়া উপজেলার নবীর উদ্দিনের।
নবীর উদ্দিনের বাড়ি উপজেলার জাহাজমারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সৌরগো তেমনী মৌলভী গ্রামে। দুর্ঘটনায় মেরুদণ্ডে গুরুতর আঘাত পাওয়ার পর থেকে তাঁর দুই পা অবশ। চলাফেরা করতে হয় হুইলচেয়ারে। একসময় পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি। এখন নিজের দৈনন্দিন কাজেও অন্যের সহযোগিতার প্রয়োজন হয়।
দুর্ঘটনার পর দীর্ঘ ১৩ বছরের সংসারজীবনের ইতি টেনে স্ত্রী চলে যাওয়ায় দুই সন্তানকে নিয়ে আরও বিপাকে পড়েন নবীর উদ্দিন। সাত বছরের ছেলে সায়েম ও দশ বছরের মেয়ে রিয়া আক্তারকে নিয়েই তাঁর বর্তমান সংসার। যে বয়সে শিশুদের খেলাধুলা ও পড়াশোনায় ব্যস্ত থাকার কথা, সেই বয়সে বাবার অসহায় জীবনের সঙ্গে পরিচিত হতে হচ্ছে তাদের। কখনো সাত বছরের সায়েমকেই হুইলচেয়ার ঠেলে বাবাকে সহযোগিতা করতে দেখা যায়।
সন্তানদের মুখে খাবার তুলে দিতে একপর্যায়ে ভিক্ষাবৃত্তিতে নামতে বাধ্য হন নবীর উদ্দিন। তাঁর অসহায়ত্বের বিষয়টি জানতে পেরে সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয় একটি দোকানঘর ও কিছু মালামাল। এরপর ভিক্ষাবৃত্তি ছেড়ে ব্যবসার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেন তিনি।
তবে দোকানের জন্য পাওয়া সীমিত মালামাল ও পুঁজি দিয়ে সংসারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। পর্যাপ্ত পণ্য না থাকায় দোকান থেকে আয়ও হচ্ছে সামান্য। ফলে দুই সন্তানকে নিয়ে এখনো আর্থিক সংকটের মধ্যেই দিন কাটছে তাঁর।
নবীর উদ্দিনের মা ও স্থানীয় প্রতিবেশীরা জানান, দুর্ঘটনার পর থেকে পরিবারটি চরম সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে দুই শিশুর ভবিষ্যৎ নিয়ে তাঁরা উদ্বিগ্ন। নবীর উদ্দিনের দোকানটি চালু রাখতে আরও সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তাঁরা।
হাতিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ছালাহউদ্দিন শিকদার জানান, অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের পুনর্বাসনের উদ্যোগের অংশ হিসেবে হাতিয়ায় পাঁচজনকে দোকানঘর ও মালামাল দিয়ে সহায়তা করা হয়েছে। জাহাজমারা, তমরদ্দি, সোনাদিয়া ও হরণী ইউনিয়নের সুবিধাভোগীদের এ সহায়তা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি উদ্যোগে আরও সহযোগিতার সুযোগ রয়েছে।
নবীর উদ্দিনের স্বপ্ন, দোকানটি একটু বড় করে ব্যবসা চালু করবেন। নিজের উপার্জনে দুই সন্তানের মুখে খাবার তুলে দেবেন এবং তাদের পড়াশোনা চালিয়ে যাবেন। তাঁর এই স্বপ্ন পূরণে প্রয়োজন আরও কিছু পুঁজি ও ব্যবসার উপযোগী পণ্য। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, মানবিক সংগঠন ও সমাজের বিত্তবান ব্যক্তিরা এগিয়ে এলে হয়তো নতুন করে ঘুরে দাঁড়াতে পারবেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন:বর্ণাঢ্য আয়োজনে বিপ্লব ও সংহতি দিবসে বোয়ালখালী বিএনপির র‍্যালি

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন