জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, কম মজুরি, আবাসন সংকট এবং সরকারি সেবার ঘাটতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ইউরোপের বিভিন্ন দেশ। সাধারণ মানুষের অর্থনৈতিক দুরবস্থা ও সামাজিক অসন্তোষকে কেন্দ্র করে একের পর এক বিক্ষোভ ছড়িয়ে পড়ছে মহাদেশজুড়ে। গত ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ইউরোপের ৩১টি দেশে ১ হাজার ৭০০টির বেশি বিক্ষোভ ও সহিংসতার ঘটনা ঘটেছে। এসব আন্দোলনে অংশ নিয়েছেন শিক্ষার্থী, শ্রমিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) তথ্য বিশ্লেষণ করে ইউরোপজুড়ে বিক্ষোভের এই চিত্র তুলে ধরেছে সংবাদমাধ্যম আলজাজিরা। সংস্থাটির তথ্য অনুযায়ী, এসব আন্দোলনের সবচেয়ে বড় কেন্দ্র হয়ে উঠেছে ফ্রান্স। দেশটিতে অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় সবচেয়ে বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে।
ইউরোপজুড়ে চলমান আন্দোলনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স। প্রায় দুই মাস আগে দেশটির শিক্ষার্থীরা বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন, শিক্ষক সংকট এবং শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থীর উপস্থিতির প্রতিবাদে আন্দোলন শুরু করেন। শুরুতে শিক্ষাব্যবস্থার সমস্যা নিয়ে আন্দোলন হলেও পরবর্তী সময়ে এর সঙ্গে যুক্ত হয় সাধারণ মানুষের নানা অর্থনৈতিক ও সামাজিক দাবি।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, জ্বালানির উচ্চমূল্য, কম মজুরি এবং সামাজিক আবাসনের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করতে থাকেন আন্দোলনকারীরা। একপর্যায়ে শ্রমিক সংগঠন ও বহুল আলোচিত ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীরাও এতে যোগ দেন। ফলে আন্দোলনের ব্যাপ্তি আরও বাড়তে থাকে।
এসিএলইডির হিসাব অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ফ্রান্সে ১ হাজার ২০০টির বেশি বিক্ষোভ ও দাঙ্গার ঘটনা ঘটেছে। গত ১৭ অক্টোবর দেশটিতে এক দিনেই পাঁচ লাখের বেশি মানুষ বিক্ষোভে অংশ নেন। পরবর্তী সময়েও আন্দোলন অব্যাহত থাকে। গত শনিবার দেশজুড়ে আয়োজিত বিভিন্ন সমাবেশে অংশ নেন প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ।
বিক্ষোভের সংখ্যার দিক থেকে ফ্রান্সের পরেই রয়েছে স্পেন ও ইতালি। এসিএলইডির তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়ে স্পেনে ১৭৩টি এবং ইতালিতে ১৬০টি বিক্ষোভের ঘটনা ঘটেছে। এ ছাড়া জার্মানিতে ৭০টি এবং পর্তুগালে ৩৩টি বিক্ষোভ হয়েছে।
স্পেনে আবাসন সংকট নিয়ে মানুষের অসন্তোষ ক্রমেই বাড়ছে। বিশেষ করে আবাসনসংক্রান্ত দুটি জরুরি অধ্যাদেশ প্রত্যাখ্যানের প্রতিবাদে দেশটিতে আন্দোলন জোরালো হয়েছে। সাধারণ মানুষের অভিযোগ, বাড়িভাড়া ও আবাসন ব্যয় বেড়ে যাওয়ায় মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের পক্ষে বাসস্থান নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।
অন্যদিকে ইতালিতে জীবনযাত্রার ব্যয় এবং বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আবাসন ব্যয়ের চাপের কারণে অনেক পরিবার আর্থিক সংকটে পড়েছে। ফলে সরকারের কাছে অর্থনৈতিক সহায়তা ও কার্যকর পদক্ষেপের দাবি জানাচ্ছেন আন্দোলনকারীরা।
জার্মানি ও পর্তুগালেও অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ হয়েছে। সামগ্রিকভাবে ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ মানুষের ক্ষোভের পেছনে জীবনযাত্রার ব্যয়, কর্মসংস্থান, মজুরি এবং আবাসনসংকট বড় কারণ হিসেবে উঠে এসেছে।
অর্থনৈতিক ও সামাজিক দাবির পাশাপাশি ফ্রান্সে বর্ণবাদী সহিংসতা নিয়েও উদ্বেগ বাড়ছে। গত ২৩ অক্টোবর প্যারিসের উত্তরে ত্রাপ শহরে বর্ণবাদী হামলায় ২৬ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হন। এ ঘটনায় আরও সাতজন আহত হন।
সন্দেহভাজন হামলাকারী মুসলিম, আফ্রিকান ও উত্তর আফ্রিকান বংশোদ্ভূত মানুষকে লক্ষ্যবস্তু করার কথা স্বীকার করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় দেশটিতে বর্ণবাদ ও উগ্র ডানপন্থি মনোভাবের বিস্তার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
মানবাধিকারকর্মীদের অভিযোগ, অভিবাসী ও মুসলিম জনগোষ্ঠীকে অপরাধী হিসেবে উপস্থাপন করে উগ্র ডানপন্থি বক্তব্যকে স্বাভাবিক করে তোলার প্রবণতা বাড়ছে। তাদের মতে, এ ধরনের বক্তব্য সামাজিক বিভাজন ও বিদ্বেষকে আরও উসকে দিচ্ছে। ফলে অভিবাসী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
ইউরোপজুড়ে চলমান আন্দোলনের মধ্যে পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে ফ্রান্সে বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন আন্দোলনকারী ও মানবাধিকারকর্মীরা।
তাদের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
এদিকে ফ্রান্সের বিক্ষোভে সহিংসতার জন্য বামপন্থি রাজনৈতিক দল ফ্রান্স আনবোডকে দায়ী করেছেন সরকারের কয়েকজন নেতা। তবে দেশটির গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, দলটির সদস্যরা বিক্ষোভে উপস্থিত থাকলেও সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। ফলে বিক্ষোভের সহিংসতা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলছে।
বিশ্লেষকদের আশঙ্কা, ইউরোপের বর্তমান অর্থনৈতিক ও সামাজিক অসন্তোষ আগামী দিনগুলোতে রাজনৈতিক পরিস্থিতিকে আরও প্রভাবিত করতে পারে। বিশেষ করে ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মেরূকরণ বাড়ার আশঙ্কা রয়েছে।
জীবনযাত্রার ব্যয়, অভিবাসন, বর্ণবাদ এবং সরকারি নীতির মতো বিষয়গুলো নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। একই সঙ্গে উগ্র ডানপন্থি মতাদর্শের বিস্তারও রাজনৈতিক পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ইউরোপের বিভিন্ন দেশে চলমান বিক্ষোভ শুধু অর্থনৈতিক সংকটের প্রতিফলন নয়, বরং সামাজিক বৈষম্য, আবাসন সমস্যা, সরকারি সেবার দুর্বলতা এবং রাজনৈতিক অসন্তোষেরও বহিঃপ্রকাশ। সাধারণ মানুষের এসব দাবি পূরণে সরকারগুলো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে আন্দোলনের পরিধি আরও বাড়তে পারে। বিশেষ করে ফ্রান্সের পরিস্থিতি আগামী দিনের ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
পড়ুন:ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও ধর্মঘট কয়েক শহরে ফের সংঘর্ষ
ইমি/


