নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে আবেদন করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতার অবসান ঘটার দুই বছরেরও বেশি সময় পর, ভারত থেকে স্বেচ্ছানির্বাসন শেষ করে আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান তিনি। বার্তা সংস্থা রয়টার্সের দেখা একটি চিঠির সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার পক্ষ থেকে একটি চিঠি পাঠান তাঁর আইনজীবীরা। লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্সের’ পাঠানো এই চিঠিটি ২০২৪ সালে দেশ ছাড়ার পর বাংলাদেশ দূতাবাসে শেখ হাসিনার পক্ষ থেকে প্রথম কোনো অফিশিয়াল আবেদন।

দূতাবাসে পাঠানো সেই চিঠিতে উল্লেখ করা হয়, ২০২৪ সাল-পরবর্তী অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে জানা গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়।

এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা জানিয়েছিলেন, দেশে ফিরে তিনি আদালতে আত্মসমর্পণ করার পরিকল্পনা করছেন। সোমবার তাঁর সহযোগীরাও আন্তর্জাতিক বার্তা সংস্থাটিকে নিশ্চিত করেছেন যে, সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই তাঁর দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে। তবে এ বিষয়ে নয়াদিল্লিতে প্রীতি রহমান কিংবা ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়ন চালানোর নির্দেশের দায়ে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

টানা দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার পর ক্ষমতাচ্যুত হওয়ার পরবর্তীতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির বহু নেতা-কর্মী বর্তমানে কারাবন্দী অথবা বিদেশে অবস্থান করছেন। তবে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের কারণে শেখ হাসিনার প্রতি এখনো দেশের একটি অংশের সমর্থন রয়েছে। ফলে দুই বছরের বেশি সময় ধরে চলা অস্থিরতার পর সরকার যখন স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে, ঠিক সেই সময়ে তাঁর এই প্রত্যাবর্তন উদ্যোগ দেশের রাজনীতি ও আইনি অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রেও এটি প্রভাব ফেলতে পারে।

পড়ুন : রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন