গত রোববার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত রাজধানী ঢাকার সিআইডি ও এসবি প্রধান কার্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, উত্তরা, ভাটারা, তেজগাঁও, খিলক্ষেত ও পান্থপথসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব হামলায় জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লেও পুলিশ জানিয়েছে যে এখন পর্যন্ত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালিবাগে সিআইডি ও পুলিশের বিশেষ শাখার প্রধান কার্যালয়ের পার্কিংয়ে একটি ককটেল বিস্ফোরিত হয়, যা ভেতরে থাকা একটি গাড়ির বনেটের ওপর পড়ে। পল্টন থানার ওসি আরিফুল আলম জানান, পুলিশের স্থাপনা ও কার্যালয়গুলোকে লক্ষ্য করেই মূলত এই হামলা চালানো হয়েছে।
ঢাবি ক্যাম্পাসে টিএসসি, প্রশাসনিক ভবন, ভিসি চত্বর, নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ, জগন্নাথ হল, শাহবাগ ও বাংলা একাডেমি এলাকা মিলিয়ে মোট ৯টি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় লোকজনের সহায়তায় টিএসসি-সংলগ্ন মেট্রোরেল স্টেশন থেকে তিনজনকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করে পুলিশ। আটককৃতরা হলেন—রেজাউল করিম (নাটোর), সোহেল রানা (রাজশাহী) এবং নাজমুস সাদ (গোপালগঞ্জ)।
সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ভাটারা থানার ১০০ ফিট এলাকার অনন্ত টাওয়ারের সামনে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুলের একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া রাত সাড়ে ১০টার পর ভাটারা থানাধীন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে এবং তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। অন্যদিকে, উত্তরা পূর্ব থানা এলাকায় মোটরসাইকেলে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
ক্যান্টনমেন্টের মাটিকাটা (সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে), শেরেবাংলা নগরের পান্থপথ, খিলক্ষেত থানা সংলগ্ন সড়ক এবং মিরপুরের পল্লবী ও নাবানা টাওয়ারের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর বাইরে খিলগাঁও আনসার সদর দপ্তরের সীমানাপ্রাচীরের ভেতরেও একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। এছাড়া যাত্রাবাড়ী থানার সামনে টানা তিন দিন একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটল।
আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপ:
ধারাবাহিক এসব বিস্ফোরণের মাধ্যমে দুর্বৃত্তরা জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইংয়ের উপকমিশনার আখতার হোসেন জানান, পুলিশি স্থাপনা লক্ষ্য করে আতঙ্ক ছড়ানোর এই অপচেষ্টা রোধে পুরো রাজধানীতে নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। প্রতিটি থানার তত্ত্বাবধানে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন ব্যক্তি ও রিকশাচলাচলের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে, তবে সাধারণ মানুষ যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় সে বিষয়েও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পড়ুন : আজ বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন
সা/


