ময়মনসিংহ নগরীর ত্রিশাল বাসস্ট্যান্ড সংলগ্ন শহিদ রেদোয়ান হোসেন সাগর চত্বরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আজ সকাল নয়টা থেকে অনশন শুরু করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও কর্মীরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে শহিদ সাগর চত্বরে আগুন জ্বলতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ দলের নেতা-কর্মীরাও সেখানে উপস্থিত হন। তাদের আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা-কর্মীরাও ঘটনাস্থলে আসেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করেন, জুলাই আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। নগরীর কেন্দ্রস্থলে প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটাকে প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের ভূমিকা স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের অনশন ও আন্দোলন চলবে।
এদিকে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় শুধু তার পরিবার নয়, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই ব্যথিত হয়েছেন। তিনি দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে সাগর চত্বর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।
পড়ুন:নওগাঁয় মানবাধিকার সুরক্ষায় জেলা নেটওয়ার্কের মাসিক সভা অনুষ্ঠিত
ইমি/


