দীর্ঘদিনের অপেক্ষা, এলাকাবাসীর দাবি এবং স্থানীয় সংগঠনের ধারাবাহিক প্রচেষ্টার পর অবশেষে নিকুঞ্জে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কিন্তু যে প্রত্যাশা নিয়ে এলাকাবাসী এই অভিযানের দিকে তাকিয়ে ছিলেন, তা পূরণ হয়নি। বিশেষ করে নিকুঞ্জের একমাত্র খেলার মাঠটি হকার ও অবৈধ স্থাপনা থেকে দখলমুক্ত না করায় অভিযান শেষে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে হতাশা ও ক্ষোভ।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় অভিযান শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘণ্টা পর দুপুর আড়াইটায় কার্যক্রম শুরু হয়। পরে অনেকটা তড়িঘড়ি করে অভিযান শেষ করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসী ও নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটির পক্ষ থেকে আগে থেকেই ডিএনসিসির কাছে সাতটি গুরুত্বপূর্ণ স্থানকে উচ্ছেদ অভিযানের হটস্পট হিসেবে চিহ্নিত করে দেওয়া হয়েছিল। এসব স্থানে ফুটপাত ও জনসাধারণের চলাচলের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের অনুরোধ জানানো হয়।
তবে স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সাতটি হটস্পটের মধ্যে মাত্র তিনটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এর মধ্যে ১ নম্বর সড়কের প্রবেশমুখের কিছু অংশ, পেট্রোল বাংলার পেছনের কিছু অংশ এবং কবি ফররুখ সরণি ধরে ১৩ নম্বর সড়ক থেকে সিটি হাসপাতাল পর্যন্ত উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
বাকি চারটি হটস্পটের ধারেকাছেও যাননি ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উচ্ছেদকর্মীরা—এমন অভিযোগ স্থানীয়দের।
তবে সবচেয়ে বেশি হতাশা তৈরি হয়েছে নিকুঞ্জের একমাত্র খেলার মাঠকে কেন্দ্র করে। এলাকাবাসীর অন্যতম প্রধান দাবি ছিল, মাঠের চারপাশ ঘিরে গড়ে ওঠা স্থায়ী হকারদের দোকান ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাঠটিকে খেলাধুলার উপযোগী করে তোলা। কিন্তু অভিযানের পুরো সময়েও মাঠসংলগ্ন এলাকায় ডিএনসিসির কোনো কার্যক্রম দেখা যায়নি বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
একটি এলাকার শিশু-কিশোরদের খেলাধুলার জন্য একমাত্র উন্মুক্ত জায়গাটিও যদি দখলের কবলে থাকে, তাহলে তাদের সুস্থভাবে বেড়ে ওঠার সুযোগ কোথায়—এমন প্রশ্ন তুলছেন অভিভাবকেরা।
স্থানীয় বাসিন্দা ইমরান আশিক বলেন, “দিন দিন হকারদের দখল ও কর্মকাণ্ডের কারণে আমরা নিজেদের এলাকা থেকেই সংকুচিত হয়ে যাচ্ছি। মাঠে গিয়ে স্বাভাবিকভাবে খেলাধুলা করার পরিবেশ নেই। ভেবেছিলাম, আজ ডিএনসিসি অভিযান চালিয়ে মাঠটি দখলমুক্ত করবে। কিন্তু শেষ পর্যন্ত মাঠের ধারেকাছেও তারা গেল না। আমরা চরমভাবে হতাশ।”
পথচারী আসিফ শাহরিয়ার বলেন, “আমরা ডিএনসিসির কাছে কী চেয়েছিলাম, আর কী পেলাম? যে মাঠে উচ্ছেদ অভিযান পরিচালনা করা সবচেয়ে জরুরি ছিল, সেখানে অভিযান না করে তারা কীভাবে ফিরে গেল? তারা কি জনগণের জন্য, নাকি জনগণ তাদের জন্য—এ প্রশ্ন থেকেই যায়।”
তিনি আরও বলেন, প্রশাসনের সর্বস্তরে এমন সৎ ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারী প্রয়োজন, যাঁরা জনগণের প্রত্যাশা ও সমস্যার বাস্তবতা বুঝবেন এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।
এদিকে নিকুঞ্জের ফুটপাত দখলমুক্ত করার দাবিতে গত কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে সোচ্চার ছিল স্থানীয় সংগঠন নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি।
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের উদ্যোগ, দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ভূমিকা, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক অবস্থানসহ বিভিন্ন নাগরিক উদ্যোগের কারণে সংগঠনটি ইতিমধ্যে এলাকায় আলোচনায় এসেছে।
সম্প্রতি নিকুঞ্জের ফুটপাত ও জনচলাচলের জায়গা দখলমুক্ত করতে ডিএনসিসিকে ৭২ ঘণ্টার আলটিমেটামও দিয়েছিল সংগঠনটি।
এলাকাবাসীর সম্মিলিত দাবি ও সংগঠনটির ধারাবাহিক তৎপরতার পরিপ্রেক্ষিতেই ডিএনসিসি এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
সংগঠনটির সভাপতি জাহিদ ইকবাল বলেন, “আমাদের দাবি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমাদের দাবি জনস্বার্থে, এলাকার মানুষের স্বাভাবিক চলাচলের অধিকার প্রতিষ্ঠায় এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য নিকুঞ্জ গড়ে তুলতে। নিকুঞ্জের সড়ক, ফুটপাত ও একমাত্র খেলার মাঠ—সবকিছুই দখলমুক্ত করতে হবে। এ জন্য এলাকার মানুষকে সঙ্গে নিয়ে যেখানে যা প্রয়োজন, আমরা তা করব।
জনস্বার্থের প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দেওয়ার সুযোগ নেই।”
তিনি আরও বলেন, “দলীয় সাইনবোর্ড ব্যবহার করে চাঁদাবাজি কিংবা প্রভাব খাটিয়ে জনসাধারণের জায়গা দখল করে রাখার দিন শেষ হওয়া উচিত। সময় এখন সততা, জবাবদিহি ও জনকল্যাণের। কোনো রক্তচক্ষু কিংবা অপপ্রচার আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য থেকে একচুলও সরাতে পারবে না। এলাকা ও মানুষের কল্যাণে আমরা ছিলাম, আছি এবং থাকব।”
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, ডিএনসিসি যেন আজকের অসমাপ্ত অভিযানকে শেষ অভিযান হিসেবে বিবেচনা না করে। বরং বাকি চারটি হটস্পটসহ নিকুঞ্জের একমাত্র খেলার মাঠকে অগ্রাধিকার দিয়ে দ্রুত পূর্ণাঙ্গ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করে।
কারণ, একটি এলাকার উন্নয়ন শুধু রাস্তা নির্মাণ কিংবা পরিচ্ছন্নতার মধ্যে সীমাবদ্ধ নয়। শিশুদের খেলার মাঠ, মানুষের নির্বিঘ্নে হাঁটার ফুটপাত এবং নিরাপদে বসবাসের পরিবেশ নিশ্চিত করাও নগর উন্নয়নের অপরিহার্য অংশ।
নিকুঞ্জবাসীর প্রশ্ন একটাই—উচ্ছেদ অভিযান যদি জনস্বার্থে হয়, তাহলে জনস্বার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, এলাকার একমাত্র খেলার মাঠটি কেন বাদ পড়ল? মাঠটি কি শেষ পর্যন্ত শিশু-কিশোরদের কাছে ফিরবে, নাকি দখলের বেড়াজালেই আটকে থাকবে তাদের শৈশব?
এই প্রশ্নের জবাব এখন ডিএনসিসির কাছেই প্রত্যাশা করছেন নিকুঞ্জের বাসিন্দারা।
পড়ুন : নেই রাজউকের অনুমোদন তবুও নির্মাণ হচ্ছে ভবন, ব্যবস্থা নিতে গড়িমসি!


