আগামী ১৩ নভেম্বর সন্ধ্যা ৬টায় আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শিল্পী জাইন আইফেলের একক চিত্রকর্ম প্রদর্শনী ‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’ এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।
শিল্পীর সাম্প্রতিক শিল্পকর্মের সমন্বয়ে আয়োজিত এই প্রদর্শনীতে কালি বা ইঙ্ককে কল্পনা, পরীক্ষা-নিরীক্ষা এবং দৃশ্যগত আবিষ্কারের মাধ্যম হিসেবে ব্যবহারের বহুমাত্রিক সম্ভাবনা তুলে ধরা হয়েছে। প্রধানত সাদা-কালো বা একবর্ণভিত্তিক কাজের মাধ্যমে আইফেল রেখা, বৈপরীত্য, ছন্দ, খণ্ডায়ন ও পুনরাবৃত্তির সমন্বয়ে গড়ে তুলেছেন জটিল ও সূক্ষ্ম সব শিল্পরচনা। স্তরবিন্যস্ত নকশা ও জ্যামিতিক কাঠামোর ভেতর থেকে ধীরে ধীরে ফুটে ওঠে মুখাবয়ব, মানব অবয়ব ও বিমূর্ত রূপ, যা চেনা ও অচেনা, বাস্তব ও বিমূর্ততার মধ্যে তৈরি করে এক স্বতন্ত্র দৃশ্যগত সংলাপ।
প্রচলিত কোনো নির্দিষ্ট বিষয়বস্তুর গণ্ডিতে আবদ্ধ না থেকে আইফেলের শিল্পচর্চা পরিচালিত হয় কল্পনা, স্বতঃস্ফূর্ততা এবং চারপাশের জগতের সঙ্গে তাঁর নিরন্তর সংযোগের মধ্য দিয়ে। সমাজ, মানবিক অভিজ্ঞতা, সাহিত্য ও স্মৃতির নানা অনুষঙ্গ তাঁর নিজস্ব দৃশ্যভাষায় প্রতিফলিত হয়েছে। পাশাপাশি তাঁর শিল্পকর্মে কিউবিজম, স্টেনসিল নন্দনতত্ত্ব এবং অভিব্যক্তিবাদী শিল্পধারার প্রভাবও লক্ষণীয়।
তাঁর শিল্পচর্চায় জয়নুল আবেদিন, এস এম সুলতান, পাবলো পিকাসো, আলবের্তো জিয়াকোমেত্তি এবং ওসওয়ালদো গুয়ারায়াসামিনের মতো প্রখ্যাত শিল্পীদের প্রভাব প্রতিফলিত হলেও, নিজস্ব কম্পোজিশন ও রেখা প্রয়োগের স্বতন্ত্র বৈশিষ্ট্যে জাইন আইফেল গড়ে তুলেছেন তাঁর নিজস্ব শিল্পভাষা।
‘ইঙ্কোগ্রাফি: অ্যা ক্রোম্যাটিক সাইলেন্স’ প্রদর্শনীর মধ্য দিয়ে শিল্পী দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছেন সূক্ষ্ম রেখা, দৃঢ় বৈপরীত্য এবং দৃশ্যগত ছন্দের এক অন্তর্লীন জগতে প্রবেশ করতে। এখানে কোনো পূর্বনির্ধারিত আখ্যান কিংবা একক অর্থ দর্শকের সামনে তুলে ধরা হয় না। বরং প্রতিটি শিল্পকর্ম দর্শককে নিজস্ব দৃষ্টিভঙ্গি, অনুভূতি ও অভিজ্ঞতার আলোকে তা অনুধাবন এবং ব্যাখ্যা করার স্বাধীনতা দেয়।
প্রদর্শনীটি আগামী ১৮ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
পড়ুন : গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসির বিশেষ আয়োজন


