টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ফতেপুর বাজারে সরকারি জমি দখল করে গাছ কেটে সাতটি অবৈধ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। নির্মিত স্থাপনাগুলোর মধ্যে দুটি প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। সরকারি গাছ কাটায় বাধা দেওয়ায় ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীকে মারধরের অভিযোগও রয়েছে। ঘটনার ছয় মাসের বেশি সময় পেরিয়ে গেলেও স্থাপনাগুলো উচ্ছেদ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, ফতেপুর বাজারের সরকারি জমিতে থাকা একটি বড় গাছ প্রায় ছয় মাস আগে রাতের আঁধারে কেটে ফেলা হয়। এরপর ওই জমি দখল করে পর্যায়ক্রমে সাতটি ঘর নির্মাণ করা হয়। গাছ কাটার সময় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারী বাধা দিতে গেলে তাদের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে ভূমি অফিসের কর্মচারী রেজাউলকে মারধর করা হয় বলে অভিযোগ ওঠে।
ফতেপুর ইউনিয়ন ভূমি অফিসের বদলি হওয়া সহায়ক রেজাউল অভিযোগ করে বলেন, সরকারি গাছ কাটার খবর পেয়ে বাধা দিতে গেলে শাহীন, ফরিদ, সুজন, রাজিব, মামুনসহ কয়েকজন তাঁর ওপর হামলা করেন। এ সময় তাঁকেসহ সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গালাগাল করা হয় বলেও দাবি করেন তিনি। বিষয়টি তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজকে জানানো হলেও পরে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর।
এদিকে, নির্মাণকাজের সময় সরকারি পানি উন্নয়ন বোর্ডের জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত করার অভিযোগও রয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের মির্জাপুর শাখার উপসহকারী প্রকৌশলী আফিজুর রহমান বলেন, ঘর নির্মাণের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে জিও ব্যাগ নষ্ট হতে দেখেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের মৌখিকভাবে নিষেধ করা হলেও তাঁরা কর্ণপাত করেননি। বিষয়টি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চিঠিও পাঠানো হয়েছিল।
স্থানীয়দের দাবি, সাতটি ঘরের মধ্যে দুটি প্রায় ১৫ লাখ টাকায় বিক্রি করা হয়েছে। এ ছাড়া কয়েকটি ঘর বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে একটি ঘরের গায়ে ‘ইসলামি পাঠাগার’ লেখা সাইনবোর্ড থাকলেও সেখানে পাঠাগারের কোনো কার্যক্রম নেই। গত মঙ্গলবার (১০ নভেম্বর) সরেজমিনে গিয়ে ওই ঘরে চায়ের দোকান পরিচালনা করতে দেখা যায়। পাশাপাশি সেখানে বাজার বণিক সমিতি ও ইউনিয়ন বিএনপির কার্যালয়ও স্থাপন করা হয়েছে।
ফতেপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক শাহীন বলেন, সেখানে বণিক সমিতি ও ইউনিয়ন বিএনপির কার্যালয় করা হয়েছে। এ ছাড়া আরও দুটি ঘর ভাড়া দেওয়া হয়েছে। তবে এসব স্থাপনা নির্মাণে প্রশাসনের অনুমতি নেওয়া হয়েছিল কি না, সে বিষয়ে তিনি কোনো বক্তব্য দেননি।
সরকারি জমি দখল ও স্থাপনা নির্মাণের ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পরপর দুটি লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় ব্যবসায়ী অপু সিকদার। তিনি বলেন, সরকারি গাছ কাটা ও ঘর নির্মাণে বাধা দেওয়ায় তাঁকে গালাগাল ও ভয়ভীতি দেখানো হয়েছে। এখনো দোকানের সামনে এসে তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে।
এলাকাবাসীর দাবি, সরকারি জমি দখল, গাছ কাটা এবং অবৈধ স্থাপনা নির্মাণের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি দ্রুত স্থাপনাগুলো উচ্ছেদ করতে হবে।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম বলেন, বিষয়টি সম্পর্কে প্রশাসন ইতোমধ্যে খোঁজখবর নিয়েছে এবং অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে। খুব দ্রুত সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হবে।
পড়ুন : নারায়ণগঞ্জে মাদ্রাসায় অগ্নিকাণ্ড: ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি


