দেশের সার্বিক স্থিতিশীলতা, জননিরাপত্তা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ইসলামী দল ও দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী। তিনি বলেছেন, জাতীয় স্বার্থ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ইসলামী শক্তির সুদৃঢ় ঐক্যের কোনো বিকল্প নেই। ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলা গেলে কোনো অপশক্তিই দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে না।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়া মুক্তিযোদ্ধা ভবনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত অগ্নিসন্ত্রাস এবং দেশ ও ইসলামবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখা এই সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার উদ্বৃতি দিয়ে মাওলানা আব্দুর রহীম রুহী তার বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠান, বাস, ট্রেনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ এবং সরকারি সম্পত্তি ধ্বংসের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগ উঠছে, যা কোনোভাবেই কাম্য নয়। দেশের বাইরে অবস্থান করে শেখ হাসিনা ও তার অনুসারীরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে কেন্দ্রীয় এই নেতা বলেন, অভ্যুত্থানের পর নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় না আনার কারণেই তারা পুনরায় মাথাচাড়া দিয়ে ওঠার সাহস পাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে তাদের পারস্পরিক যোগসাজশ, টেন্ডারবাজি এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের যেসব অভিযোগ সামনে আসছে, তা সাধারণ মানুষের মনে চরম উদ্বেগের জন্ম দিয়েছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলেন মাওলানা রুহী। তিনি মনে করেন, সরকারের খামখেয়ালিপনা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে ব্যর্থতা এবং গোয়েন্দা সংস্থাগুলোর উদাসীনতার কারণেই নাশকতাকারীরা জননিরাপত্তা বিঘ্নিত করার সুযোগ পাচ্ছে। জনগণের স্বস্তি ফিরিয়ে আনতে প্রশাসনকে আরও দায়িত্বশীল ও কঠোর হওয়ার তাগিদ দেন তিনি।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আধিপত্যবাদী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদী অপতৎপরতা রুখে দিতে আগামী দিনে ইসলামী দলগুলোকে একযোগে কাজ করতে হবে।
বাংলাদেশ খেলাফত আন্দোলন নেত্রকোনা সদর উপজেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মাওলানা মোস্তফা জিহাদী, মুফতি তরিকুল ইসলাম, মাওলানা শরিফুল ইসলাম, হাফেজ বীন ইয়ামিন, কারী আরিফ বিল্লাহ, মাওলানা আবু বকর, হাফেজ আবু হানিফ, মাওলানা মোতালিব এবং সাংবাদিক মাহমুদুল হাসান প্রমুখ।
সমাবেশ শেষে মুক্তিযোদ্ধা ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া ব্রিজসংলগ্ন জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন।
পড়ুন : নেশা করতে বাঁধা দেওয়াই স্ত্রীর শরীর এসিড দিয়ে ঝলসে দিল স্বামী


