ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের কিল-ঘুষি ও গলাচিপায় আব্দুল জলিল (৬৫) নামের এক ছোট ভাই নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত বড় ভাই মো. সহিদকে (৬৬) তাৎক্ষণিকভাবে আটক করেছে লালমোহন থানা পুলিশ। নিহত আব্দুল জলিল ও অভিযুক্ত মো. সহিদ উভয়েই ওই এলাকার মৃত মনু মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ বাগান থেকে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বড় ভাই সহিদ ছোট ভাই আব্দুল জলিলকে মারধর করেন এবং সুপারি গাছের সঙ্গে চেপে ধরে গলা টিপে ধরেন বলে অভিযোগ রয়েছে। এতে ঘটনাস্থলেই আব্দুল জলিলের মৃত্যু হয়।
খবর পেয়ে লালমোহন থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মো. সহিদকে আটক করে। পাশাপাশি নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। সম্পদের বা তুচ্ছ বিষয়ের জেরে আপন দুই ভাইয়ের মধ্যে এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লালমোহন থানার পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে তদন্ত অব্যাহত রয়েছে।
পড়ুন : সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক


