ধামরাইয়ে চার রাতে চার বাসে আগুন, নিরাপত্তা নিশ্চিতে ইউএনওর জরুরি বৈঠক

ঢাকার ধামরাইয়ে টানা চার রাত ধরে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পরিবহন খাতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। ধারাবাহিক এসব ঘটনায় বাসমালিক, শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি মোকাবিলা এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট নেতাদের নিয়ে জরুরি বৈঠক করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

বুধবার (১১ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, ধামরাই অঞ্চলের ট্রাফিক ইনচার্জ ফিরোজ প্রধান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আশিকুজ্জামান স্বপন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ সিকদার এবং ডি-লিংক ও জনসেবা পরিবহনের কর্মকর্তারা।

বৈঠকে ইউএনও মো. আল মামুন পরিবহন মালিকদের উদ্দেশে বলেন, সড়কের পাশে কিংবা নির্জন ও অরক্ষিত স্থানে কোনো বাস রাখা যাবে না। নির্ধারিত নিরাপদ স্থানে যানবাহন রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ এ নির্দেশনা অমান্য করে যেখানে-সেখানে গাড়ি রাখলে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট গাড়ি ডাম্পিংয়ের ব্যবস্থাও নেওয়া হতে পারে।

তিনি আরও বলেন, রাতে বাসের নিরাপত্তা নিশ্চিত করতে মালিকদের নিজস্ব উদ্যোগে পাহারার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে পরিবহন সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো দুষ্কৃতকারী যানবাহনে অগ্নিসংযোগ বা নাশকতা ঘটানোর সুযোগ না পায়।

এ সময় ধামরাইয়ের গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ডগুলোতে পরিবহন মালিকদের সমন্বয়ে পৃথক নিরাপত্তা কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়। এসব কমিটির মাধ্যমে রাতের বেলায় যানবাহনের নিরাপত্তা পর্যবেক্ষণ, নিয়মিত নজরদারি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, গত চার রাতে ধামরাইয়ের বিভিন্ন এলাকায় চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় পরিবহন খাতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

স্থানীয়দের দাবি, শুধু যানবাহনের নিরাপত্তা জোরদার নয়, এসব অগ্নিসংযোগের ঘটনার পেছনের কারণ উদ্‌ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। প্রশাসনের কার্যকর পদক্ষেপের মাধ্যমে ধামরাইয়ে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ ফিরবে—এমন প্রত্যাশা করছেন তাঁরা।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জে ৫০ একর জমিতে ধান কাটার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন