ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানাধীন নজরুলনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গজনবী হাওলাদারের নেতৃত্বে মোটরসাইকেল ও অটোরিকশার বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এতে শত শত মোটরসাইকেল ও অটোরিকশাসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
শোডাউনটি প্রথমে চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের বাবা-মায়ের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়। পরে মোটরসাইকেল ও অটোরিকশার বহর নিয়ে চরফ্যাশন বাজার প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে কর্মসূচিটি শেষ হয়।
শোডাউনে উপস্থিত ছিলেন দক্ষিণ আইচা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক যুবদল সভাপতি গজনবী হাওলাদার,তিনি এর আগে দৌলতখান আবু আবদুল্লাহ কলেজের সাবেক সভাপতি ছিলেন। ২০১৬ সালেও তিনি ধানের শীষ প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন নজরুলনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল সর্দার, যুবদল নেতা কবির সর্দার, শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বেপারী, ওলামা দলের সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক মাওলানা আবু জাফর, দক্ষিণ আইচা ওলামা দলের নেতা মাওলানা হাবিব, বিএনপি নেতা ইউসুফ আলী মুন্সি, কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ছাত্রদলের সভাপতি কাকনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউন শেষে বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী গজনবী হাওলাদার বলেন, নজরুলনগর ইউনিয়নে মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। স্থানীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নের সাম্য ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়কে সামনে রেখে একটি উন্নত ও মানবিক নজরুল নগর গড়ে তুলতে চান তিনি।
তিনি আরও বলেন, বিচারব্যবস্থায় অর্থের প্রভাব ও টাকার সংস্কৃতি বন্ধ করে সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ইউনিয়নের প্রতিটি মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই হবে তাঁর অন্যতম লক্ষ্য।
নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে গজনবী হাওলাদার বলেন, দলের জন্য কাজ করতে গিয়ে তিনি বারবার নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ ও এলাকার মানুষের পাশে থাকার বিষয়টি বিবেচনা করে আগামী নির্বাচনে ইউনিয়নবাসী তাঁকে সমর্থন দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পড়ুন : সুবর্ণচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোর নিহত


