জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতা আহাম্মদ আলী হিরণ। এ উপলক্ষে তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজ আদায় করতে ডিগ্রীরচর বড় মসজিদে উপস্থিত হয়ে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। এ সময় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করে উপস্থিত মুসল্লিদের কাছে দোয়া চান।
৬০ বছরোর্ধ্ব আহাম্মদ আলী হিরণ ডিগ্রীরচর খলিফাপাড়ার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত নামদার খলিফার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি চরপুটিমারী ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে তিনি চরপুটিমারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া বিএনপি সরকারের আমলে অনুষ্ঠিত গ্রাম সরকার নির্বাচনেও বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন বলে জানা গেছে।
স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও অতীত নির্বাচনী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারও এলাকাবাসীর সমর্থন নিয়ে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন আহাম্মদ আলী হিরণ।
তিনি এলাকার মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে জনগণের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পড়ুন : ধামরাইয়ে মহাসড়কে থ্রি-হুইলারের দৌরাত্ম্য, নিয়ন্ত্রণে হিমশিম পুলিশ


