গাজীপুরের কালিয়াকৈরে কমেডি শর্টফিল্মে অভিনয়ের কথা বলে এক তরুণীকে (২৮) ডেকে নিয়ে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বেগমপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মাসুম মিয়া (৩১), মৃত ফরহাদ হোসেনের ছেলে আল আমিন হোসেন (২৮) ও সুমন মিয়া (২৪)।
পুলিশ ও ভুক্তভোগী তরুণীর বরাতে জানা যায়, ওই তরুণী কোনাবাড়ী এলাকায় একটি ভাড়া বাসায় থেকে কমেডি শর্টফিল্মে কাজ করেন। গত বুধবার (১১ নভেম্বর) রাতে হৃদয় হোসেন নামে এক যুবক শর্টফিল্মের শুটিংয়ের কথা বলে তাঁকে উপজেলার সাকাস্বর এলাকার একটি বাড়িতে নিয়ে যান। সেখানে আগে থেকেই আরও কয়েকজন যুবক অবস্থান করছিলেন।
অভিযোগ সৃত্রে জানাযায়, ওই বাড়িতে তরুণীকে আটকে রেখে রাতভর তাঁকে ধর্ষণ করা হয়। পরে বৃহস্পতিবার ভোরে কৌশলে ওই বাড়ি থেকে বের হয়ে কালিয়াকৈর থানায় গিয়ে অভিযোগ করেন ভুক্তভোগী।
অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ভুক্তভোগী তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, তরুণীকে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
পড়ুন : মাধবদীতে আদালতের রায় পেয়ে জমিতে গিয়ে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৭ জন আহত


