বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ নতুন প্রজন্ম গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, উন্নত বিশ্ব বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগ করেছে বলেই আজ বৈশ্বিক নেতৃত্বে নিজেদের অবস্থান সুসংহত করতে পেরেছে।
শনিবার (১৪ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর সিলেট বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তরুণ উদ্ভাবকদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মন্ত্রী ঘোষণা দেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ১১৬ জন শিক্ষার্থীর উদ্ভাবিত প্রজেক্টগুলো ভবিষ্যতে বাস্তবায়নের জন্য যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয়, তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মাধ্যমে আবেদন করলে তা প্রদান করা হবে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে আয়োজক কমিটির দায়িত্বশীল ব্যক্তিবৃন্দ ও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এ আয়োজনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিক্ষার্থীদের বৈজ্ঞানিক প্রকল্পের প্রদর্শনী, মূল্যায়ন ও বিজ্ঞানভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানমনস্কতা এবং আগামীর প্রযুক্তিনির্ভর চ্যালেঞ্জ মোকাবিলায় তাদের সক্ষমতা যাচাইয়ের জন্য প্রজেক্টগুলো ঘুরে দেখেন অতিথিরা। পরে সন্ধ্যায় এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
ইমি/


