ঢাকার ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. আরফান আলীকে (৩৯) ১০০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার নয়ারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আরফান ধামরাই উপজেলার কুমরাইল মধ্যপাড়া এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ডিবি (উত্তর)-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মো. শাহাদাৎ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়া থানার নয়ারহাট এলাকায় অভিযান চালান। এ সময় আরফান আলীকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের ওজন ১০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার আরফান আলীর বিরুদ্ধে আগে থেকেই পাঁচটি মাদক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
পড়ুন:সাভার-আশুলিয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ১৪৭ কারখানা
ইমি/


