হাওরাঞ্চলের জীবন-জীবিকা ও যোগাযোগের অন্যতম প্রধান ধমনি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া ধনু নদ। যুগ যুগ ধরে এই নদের বুক চিরে সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের বৈধ পণ্যবাহী নৌকা চলাচল করে আসছে। তবে সাম্প্রতিক সময়ে শান্ত জলপথকে ঘিরে দানা বাঁধছে নানা উদ্বেগ ও প্রশ্ন। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে এই নৌপথ ব্যবহার করে অবৈধভাবে ভারতীয় পণ্য ও মাদক পাচারের এক অদৃশ্য জাল বিস্তার করেছে সংঘবদ্ধ চক্র।
গত ১৪ নভেম্বর বিকেলে লেপসিয়া নৌ-পুলিশের এক অভিযানে প্রায় পৌনে কোটি টাকার অবৈধ ভারতীয় কফি পাউডারসহ একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দের ঘটনা সেই দীর্ঘদিনের গুঞ্জনকে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
ঘটনাটি ১৪ নভেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে। খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের কাটাগাং সংলগ্ন ধনু নদে নিয়মিত টহল দিচ্ছিল লেপসিয়া নৌ-পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি ইঞ্জিনচালিত পণ্যবাহী নৌকাকে থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নৌকাটি থেকে উদ্ধার হয় ১৭০ বস্তা ভারতীয় কফি পাউডার।
অভিযানে নৌকায় থাকা দুই যুবককে আটক করে পুলিশ। তারা হলেন- হবিগঞ্জের লাখাই থানার লক্ষ্মীপুর গ্রামের মৃত আরব আলীর ছেলে মো. আব্দুল খায়ের (৩১) এবং সুনামগঞ্জের তাহেরপুর থানার পুরাতন লাউরাঘর পূর্ব গ্রামের কাজল মিয়ার ছেলে মো. সিদ্দিকুল ইসলাম (২২)।
পুলিশের হিসাব অনুযায়ী, জব্দ করা ১৭০ বস্তা কফি পাউডারের আনুমানিক বাজারমূল্য ৩৪ লাখ ৭২ হাজার টাকা এবং ইঞ্জিনচালিত নৌকাটির মূল্য প্রায় ১২ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের মূল্য দাঁড়িয়েছে ৪৬ লাখ ৭২ হাজার টাকা।
হাওরের সাধারণ মানুষ, জেলে ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, ধনু নদের রুটটি ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই নিরাপদ নৌপথ ব্যবহার করে সীমান্তবর্তী এলাকা থেকে আসা ভারতীয় পণ্য ও মাদক দেশের অভ্যন্তরে সরবরাহ করছে। এ পথ দিয়ে কিশোরগঞ্জ, ভৈরব, নারায়ণগঞ্জ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে অবৈধ চালান।
স্থানীয় মহলে আরও একটি জোরালো আলোচনা রয়েছে। এলাকাবাসীর অভিযোগ, অবৈধ এই বাণিজ্যের সঙ্গে জড়িত সিন্ডিকেটের সদস্যদের মধ্যে যখন পণ্য ও অর্থের ভাগবাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ বিরোধ দেখা দেয়, ঠিক তখনই কৌশলে প্রশাসনের অভিযানের মাধ্যমে চালান ধরিয়ে দেওয়া বা আটকের ঘটনা ঘটানো হয়। তবে জনশ্রুতি ও স্থানীয়দের এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
বিপুল পরিমাণ পণ্য জব্দের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লেগেছে বলে জানিয়েছে নৌ-পুলিশ। লেপসিয়া নৌ-পুলিশের ইনচার্জ জগত জ্যোতি চৌধুরী জানান, নদীতে নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কফি পাউডার জব্দ ও দুই ব্যক্তিকে আটক করা হয়।
তিনি বলেন, ‘জব্দ করা পণ্যের পরিমাণ অনেক বেশি হওয়ায় সেগুলো নিরাপদে হেফাজতে রাখা ও রক্ষণাবেক্ষণ করতে কিছুটা সময় লেগেছে। তা ছাড়া নৌ-পুলিশের নিজস্ব থানায় সরাসরি মামলা নথিভুক্ত করার ব্যবস্থা না থাকায় খালিয়াজুরী থানায় মামলা করতে হয়েছে।’
পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ নভেম্বর দুপুরে খালিয়াজুরী থানায় মামলাটি রুজু করা হয়েছে। খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন নৌ-পুলিশের পক্ষ থেকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
৪৬ লাখ ৭২ হাজার টাকার চালান জব্দের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরলেও রয়ে গেছে গভীর কৌতূহল ও শঙ্কা। স্থানীয় সচেতন নাগরিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতে, নৌকায় থাকা আটক দুই ব্যক্তি কেবল বহনকারী হতে পারেন। তবে এই বিশাল অঙ্কের পুঁজি কার, কোন রুটে কারা পণ্য গ্রহণ করছে এবং দীর্ঘদিন ধরে ধনু নদকে কেন্দ্র করে কারা কথিত পাচার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে- তা উদ্ঘাটন করা জরুরি। হাওরের শান্ত জলপথকে অপরাধমুক্ত রাখতে স্থানীয়দের অভিযোগের সত্যতা যাচাইয়ে নিরপেক্ষ ও গভীর তদন্তের দাবি উঠেছে সর্বমহল থেকে।
পড়ুন : নেত্রকোনায় প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ভিডিও ধারণ


