ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের সদস্যরা। রবিবার দুপুর ১২টা থেকে প্রায় সাড়ে তিনঘন্টা এ অভিযান চালায় দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ে সদস্যরা। এ সময় হাসপাতালটির বিভিন্ন অনিয়ম তাদের অভিযানে ধরা পড়ে। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সটির কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুন, আবাসিক মেডিকেল অফিসার শিশির কুমার সানা উপস্থিত ছিলেন।
দুদকের অভিযান সুত্রে জানা গেছে, হাসপাতালটির স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমানুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ভূয়া বিল-ভাউচার দেখিয়ে টাকা আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অনিয়ম নিয়ে দুদকের প্রধান কার্যালয় থেকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হিসাবরক্ষক হিসেবে আব্দুল আজিজ থাকলেও তার কোন কাজ না দিয়ে পরিসংখ্যানবিদ দিয়ে হিসাবরক্ষকের কাজ করানোর তথ্য পেয়েছে। এ ঘটনায় হিসাব রক্ষক আব্দুল আজিজের কাছ থেকে একটি লিখিত নিয়েছে দুদকের সদস্যরা। এছাড়াও পরিচ্ছন্নকর্মীরা ভূয়া বিল-ভাউচার করে প্রায় ৩০ হাজার টাকা আত্মসাতেরও সত্যতা পেয়েছে। সরকারি ওষুধ সঠিকভাবে রোগীরা পাচ্ছে কিনা সে বিষয়েও তারা বিভিন্ন রেকর্ড সংগ্রহ ও রোগীদের সঙ্গে কথা বলেছেন। রোগীদের খাবারে রবিবার দুপুরে রুই মাছ দেওয়ার কথা থাকলেও সেখানে অন্য মাছের উপস্তিতি পেয়েছেন বলে জানা গেছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক আব্দুল আজিজ বলেন, ২০২৬ সালের জুন মাসে কালীগঞ্জ হাসপাতালে হিসাবরক্ষক হিসেবে যোগদান করি। কিন্তু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দায়িত্ব বুঝে দেননি। তার কাজটি পরিসংখ্যানবিদ মাইনুরকে দিয়ে করান।
ঝিনাইদহ দুদকের সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহমুদ বলেন, দুদকের প্রধান কার্যালয়ের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছি। হাসপাতালের বিভিন্ন বিষয় খতিয়ে দেখেছি। অভিযোগের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করেছি। এসব রেকর্ড পর্যালোচনা করে প্রধান কার্যালয়ে দাখিল করবো। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু অনিয়মের সত্যতা আমরা পেয়েছি।
পড়ুন : মেহেরপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসক-নার্সের অবহেলার অভিযোগ


