রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ থেকে অব্যাহতির (ডিসচার্জ) আর্জির ওপর শুনানি শুরু হচ্ছে। সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। আলোচিত এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট আসামির সংখ্যা ৪১ জন।
এর আগে গত ১২ নভেম্বর মামলার ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ওই দিন শুনানিতে তিনি আসামিদের বিরুদ্ধে আনীত পৃথক পৃথক আনুষ্ঠানিক অভিযোগ পড়ে শোনানোর পাশাপাশি মামলার পটভূমি এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি শেখ হাসিনা কীভাবে স্বৈরশাসক হয়ে ওঠেন, তার বর্ণনাও দেন তিনি।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর উল্লেখ করেন যে, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্তের চেয়েও বেশি তথ্যপ্রমাণ রয়েছে। এরপর ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আজকের দিন (১৬ নভেম্বর) ধার্য করেন।
এই মামলায় গ্রেপ্তার থাকা ১১ জন আসামি হলেন- জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক
মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।
অন্যদিকে, শেখ হাসিনাসহ মামলার পলাতক আসামিদের তালিকায় রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী নেতা শেখ ফজলুল করিম সেলিম, মাহবুবউল আলম হানিফ, ড. হা হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বেনজীর আহমেদ এবং সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা।
গত ২৭ জুলাই ট্রাইব্যুনাল-২ ৪১ আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন এবং পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তারদের হাজির করার নির্দেশ দেন। এরপর ৩ সেপ্টেম্বর শেখ হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসামিদের স্থায়ী-অস্থায়ী ঠিকানায় সন্ধান না পাওয়ার কথা জানিয়ে নন-এক্সিকিউশন রিপোর্ট (এনইআর) জমা দেওয়ার পর, গত ১৬ সেপ্টেম্বর আদালত তাঁদের পলাতক দেখিয়ে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন।
উল্লেখ্য, এই মামলায় প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার ঘটনা অন্তর্ভুক্ত করা হয়েছে এবং দ্বিতীয় অভিযোগে ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ২০ জনকে হত্যার ঘটনা উল্লেখ করা হয়েছে।
পড়ুন : গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত এপিসি
সা/


