পশ্চিমবঙ্গে আড়াই লাখ সিএএ আবেদন নিষ্পত্তির তৎপরতা, আবেদন করেননি আরও এক লাখ

ভারতে আলোচিত ও বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ)-এর অধীনে নাগরিকত্ব পেতে জমা পড়া প্রায় আড়াই লাখ অনিষ্পন্ন আবেদন ৩১ ডিসেম্বরের সময়সীমার মধ্যে নিষ্পত্তি করতে তৎপরতা চালাচ্ছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কর্মকর্তারা।

এরই মধ্যে পশ্চিমবঙ্গ সরকার আমলাদের নির্দেশ দিয়েছে, ‘নির্যাতিত হিন্দু’ বাংলাদেশি অভিবাসীদের এমন একটি বড় অংশকে চিহ্নিত করতে, যারা এখনো নাগরিকত্বের জন্য আবেদন করেননি।

দ্য টেলিগ্রাফ অনলাইনে রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গে বাংলাদেশ থেকে যাওয়া এ ধরনের মানুষের সুনির্দিষ্ট সংখ্যা রাজ্য সরকার এখনো নির্ধারণ করতে পারেনি। তবে বিজেপি নেতাদের ধারণা, বিশেষ করে মতুয়া ও অন্যান্য হিন্দু শরণার্থী সম্প্রদায়ের প্রায় এক লাখ যোগ্য অভিবাসী এখনো নাগরিকত্বের আবেদন প্রক্রিয়ার বাইরে রয়েছেন।

বিজেপি নেতাদের ধারণা, সিএএর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রচারণায় সৃষ্ট বিভ্রান্তি ও ভয়ের কারণে তাঁরা আবেদন করতে ইতস্তত করছেন। আবার অনেকে ইতিমধ্যে জমা দেওয়া আবেদনগুলোর ফলাফল কী হয়, তা দেখার জন্য অপেক্ষা করছেন।

ভারতে সিএএর আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের কারণে দেশটিতে আশ্রয় নেওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে পশ্চিমবঙ্গে এই আইনের সুবিধা পাওয়ার যোগ্য অনেক পরিবার এখনো আবেদন করেনি।

দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্বের আবেদন না করা শরণার্থীরা রাজ্যের বিজেপি সরকারের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছেন। সরকার নিশ্চিত করতে চাইছে, ২০২৭ সালের জানুয়ারিতে ভোটার তালিকার নতুন সংশোধন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই যোগ্য শরণার্থীরা নাগরিকত্ব সনদ পান এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন।

সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, রাজ্যে প্রায় আড়াই লাখ সিএএ আবেদন অনিষ্পন্ন রয়েছে। এর একটি বড় অংশই বাংলাদেশ সীমান্তবর্তী নদিয়া ও উত্তর ২৪ পরগনা জেলার। তিনি রাজ্য প্রশাসনকে শুনানির কার্যক্রম দ্রুত করার এবং ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব যোগ্য আবেদনকারীকে নাগরিকত্ব সনদ দেওয়ার নির্দেশ দিয়েছেন।

শুভেন্দুর এ নির্দেশের পর মতুয়া সম্প্রদায়সহ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে যাওয়া উল্লেখযোগ্যসংখ্যক হিন্দু অভিবাসী অধ্যুষিত নদিয়া, উত্তর ২৪ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার প্রশাসন শুনানি প্রক্রিয়া আরও জোরদার করেছে। তবে কতজন যোগ্য ব্যক্তি এখনো আবেদন করেননি, তা প্রশাসন নির্ধারণ করতে না পারায় পুরো প্রক্রিয়াটি জটিল হয়ে পড়েছে।

গত বৃহস্পতিবার কোচবিহার শহরে অনুষ্ঠিত এক সভায় নমঃশূদ্র মতুয়া মহাসঙ্ঘের কোচবিহার ইউনিট বিষয়টি মন্ত্রী ও মতুয়া নেতা অশোক কীর্তনিয়ার নজরে আনে। এ সময় বাংলাদেশে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আসা ব্যক্তিদের নাগরিকত্বের জন্য আবেদন করতে উৎসাহিত করার লক্ষ্যে শরণার্থী অধ্যুষিত এলাকাগুলোতে প্রচারণা চালাতে জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

দ্য টেলিগ্রাফকে কীর্তনিয়া বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে সহজ প্রক্রিয়ায় নাগরিকত্ব সনদ দেওয়া নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রচেষ্টা চালিয়েছেন। দুর্ভাগ্যবশত অনেক নির্যাতিত মানুষ এখনো বিভ্রান্তিতে আছেন এবং আবেদন করেননি। ফলে তাঁরা ভোটার তালিকার বাইরে রয়েছেন এবং রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধাও পাচ্ছেন না।

“তৃণমূল কংগ্রেস ও সিপিএমের বিভ্রান্তিকর প্রচারণার কারণে ফলাফল কী হবে, তা নিয়ে শঙ্কিত থাকায় অনেকেই নাগরিকত্ব সনদের জন্য আবেদন করেননি। রাজ্য সরকার এসব মানুষকে চিহ্নিত করতে এবং তাঁদের সিএএ আবেদন জমা দিতে সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।”

বিজ্ঞাপন

পড়ুন : যুক্তরাষ্ট্রে ফ্লাইট বিপর্যয়, হাজারো ফ্লাইট বাতিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন