বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কুয়েতের বাজারে ক্রেতাদের ভিড়

যুক্তরাষ্ট্রের ডলারের শক্তিশালী অবস্থান এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। সোমবার (১৬ নভেম্বর) লেনদেনের একপর্যায়ে গত এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে মূল্যবান এই ধাতুর দাম।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ শতাংশ কমে ৩ হাজার ৮৪০ ডলার ৫২ সেন্টে দাঁড়ায়। দিনের শুরুতে দাম গত বছরের অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের আগাম দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৮৪৩ ডলার ৬০ সেন্টে দাঁড়িয়েছে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, শক্তিশালী ডলার, যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের উচ্চ মুনাফা এবং ডিসেম্বরে ফেডের সুদের হার বাড়ানোর জোরালো প্রত্যাশার কারণে স্বর্ণের দাম চাপের মুখে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে স্বর্ণের বাজার নিরপেক্ষ থেকে কিছুটা নিম্নমুখী অবস্থানে রয়েছে।

যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য গত বছরের এপ্রিলের পর সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। ডলারের দাম বাড়ায় অন্য মুদ্রায় স্বর্ণ কেনা বিনিয়োগকারীদের জন্য ব্যয়বহুল হয়ে উঠছে। ফলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদায় নেতিবাচক প্রভাব পড়ছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। রোববার কানসাস সিটি ফেডের প্রেসিডেন্ট জেফ স্মিড বলেন, যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি এখনো অনেক বেশি। মূল্যস্ফীতির চাপ নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় ব্যাংককে আরও কাজ করতে হবে।

এর আগে শুক্রবার ফেডের ভাইস চেয়ারম্যান ফিলিপ জেফারসন বলেন, মুদ্রানীতি নির্ধারণের ক্ষেত্রে তিনি মূল্যস্ফীতির গতিপ্রকৃতিকে গুরুত্ব দিচ্ছেন। তাঁর এ বক্তব্যকে সুদের হার আরও বাড়ানোর পক্ষে অবস্থানের ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

শিকাগো মার্কেন্টাইল এক্সচেঞ্জের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার ২৫ ভিত্তি পয়েন্ট বাড়াতে পারে বলে মনে করছেন বাজারের ৯২ শতাংশ অংশগ্রহণকারী। আর ৫০ ভিত্তি পয়েন্ট বাড়ানোর সম্ভাবনা ধরা হচ্ছে ৮ শতাংশ।

সুদের হার বাড়লে স্বর্ণের মতো মুনাফাবিহীন সম্পদ ধরে রাখার সুযোগব্যয় বেড়ে যায়। কারণ, বিনিয়োগকারীরা তখন সুদ পাওয়া যায় এমন সম্পদের দিকে বেশি ঝুঁকতে পারেন। এতে স্বর্ণের আকর্ষণ কমে এবং দামের ওপর চাপ তৈরি হয়।

এখন বিনিয়োগকারীরা ফেডের চেয়ারম্যান কেভিন ওয়ার্শের বক্তব্যের অপেক্ষায় রয়েছেন। পাশাপাশি আগামী বুধবার প্রকাশিত হতে যাচ্ছে ফেডারেল ওপেন মার্কেট কমিটির অক্টোবরের বৈঠকের কার্যবিবরণী। এসব বক্তব্য ও নথি থেকে ভবিষ্যতে সুদের হার কোন পথে যেতে পারে, সে বিষয়ে ধারণা পেতে চান বিনিয়োগকারীরা।

টিম ওয়াটারার বলেন, ফেডের চেয়ারম্যানের বক্তব্যে সুদের হার বাড়ানোর পক্ষে আরও কঠোর অবস্থান প্রকাশ পেলে স্বর্ণের ওপর বর্তমান চাপ বাড়তে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অর্থনীতির শক্তি নিয়ে সতর্কতার ইঙ্গিত পাওয়া গেলে স্বর্ণের বাজার কিছুটা স্বস্তি পেতে পারে।

এদিকে, গত শুক্রবার প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, ২০২৬ সালে বিশ্ববাজারে রুপার চাহিদা ৫ শতাংশ কমতে পারে। গয়না কেনার চাহিদা হ্রাস এবং সৌরবিদ্যুৎকোষে রুপার ব্যবহার কমে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। রুপার দাম বেশি থাকায় বিকল্প উপাদানের ব্যবহার বাড়ছে বলেও গবেষণায় বলা হয়েছে।

অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে সোমবার প্রতি আউন্স রুপার দাম ৩ শতাংশ কমে ৪৭ ডলার ২৬ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৪৭৭ ডলার ৮ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ৯৮২ ডলার ৩৩ সেন্টে দাঁড়িয়েছে।

কুয়েতের স্বর্ণবাজারেও ক্রেতাদের ভিড়

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতনের প্রভাব পড়েছে কুয়েতের বাজারেও। দীর্ঘদিন পর প্রতি গ্রামে দুই দিনারের বেশি দাম কমায় দেশটির স্বর্ণের দোকানগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতারা কম দামে স্বর্ণ কেনার সুযোগ নিতে দোকানে ছুটছেন। এতে ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরলেও কম দামে স্বর্ণ বিক্রি নিয়ে নতুন পরিস্থিতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা।

দীর্ঘদিন ধরে বিশ্ববাজারে স্বর্ণের উচ্চমূল্যের কারণে নতুন করে স্বর্ণ কেনার পরিকল্পনা পিছিয়ে দিচ্ছিলেন অনেক প্রবাসী। সাম্প্রতিক দরপতনে তাঁদের সেই অপেক্ষার অবসান হয়েছে। কুয়েতের স্বর্ণবাজারেও বেড়েছে কেনাকাটার আগ্রহ।

গত সপ্তাহে ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি গ্রাম প্রায় ৩৮ দিনার থাকলেও শুক্রবার (১৩ নভেম্বর) তা কমে ৩৬ দিনারের নিচে নেমে আসে। ফলে প্রতি গ্রামে দাম কমেছে দুই দিনারের বেশি।

দাম কমার খবর ছড়িয়ে পড়ার পর কুয়েতের বিভিন্ন স্বর্ণের দোকানে ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ক্রেতারা তুলনামূলক কম দামে স্বর্ণ কেনার সুযোগ কাজে লাগাচ্ছেন। দীর্ঘদিন পর স্বর্ণের দাম কিছুটা নাগালে আসায় সন্তোষ প্রকাশ করছেন তাঁরা।

অন্যদিকে, দাম কমায় ব্যবসায়ীদেরও নতুন পরিস্থিতি সামলাতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে স্থানীয় বাজারে স্বর্ণের দাম কমাতে হচ্ছে তাঁদের। এতে আগে বেশি দামে কেনা স্বর্ণ এখন তুলনামূলক কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে লোকসানের আশঙ্কা তৈরি হয়েছে।

তবে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সমন্বয় করেই প্রতিদিন স্বর্ণের দাম নির্ধারণ ও ব্যবসা পরিচালনা করতে হয়। তাই বিশ্ববাজারে দরপতন হলে স্থানীয় বাজারেও এর প্রভাব পড়ে।

বিশ্ববাজারের ওঠানামার সঙ্গে কুয়েতের স্বর্ণবাজারেও দামের পরিবর্তন অব্যাহত রয়েছে। দরপতনে ক্রেতাদের আগ্রহ বাড়লেও ব্যবসায়ীরা নজর রাখছেন আন্তর্জাতিক বাজারের পরবর্তী গতিপ্রকৃতির দিকে। স্বর্ণের দাম আরও কমবে, নাকি আবার বাড়তে শুরু করবে, তা নিয়েই এখন অপেক্ষায় রয়েছেন ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : হরমুজ প্রণালীতে পরিস্থিতি উন্নতির আশায় বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন