ঝিনাইদহ শহরের চাকলাপাড়া ও পুরাতন হাটখোলায় অভিযান পরিচালনা করে যৌথভাবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন । আজ সোমবার সারাদিন সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিমুল ইহসান এবং মোঃ সালমান হায়দারের নেতৃত্বে মোবাইল পরিচালনা করা হয় ।
এ সময়, মোবাইল কোর্ট পরিচালনাকালে নূর তাজ বেকারিকে ১ লাখ টাকা, হাজি বিরিয়ানি, কুমারখালি মিষ্টান্ন ভাণ্ডার ও আবির হোটেলকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।
সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিমুল ইহসান বলেন, নূর তাজ বেকারিতে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ ফুড কালারের উপস্থিতি পাওয়া যায়। এছাড়াও সেখানে খাদ্য উৎপাদনস্থলে অস্বাস্থ্যকর পরিবেশ দেখা যায়। ডিমের ভেতর মাছি ও অন্যান্য খাদ্যপণ্যের মধ্যেও ময়লা পাওয়া যায়। বেকারিতে অধিকাংশ পণ্যের বিএসটিআই লাইসেন্স না থাকা সত্ত্বেও বিএসটিআই এর লোগো ব্যবহার করা হয়। অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী উক্ত প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) জরিমানা আরোপ ও আদায় করা হয়। পাশাপাশি সকল রং জব্দ ও ধ্বংস করা হয়।
তিনি আরো জানান, এছাড়াও শহরের হাজি বিরিয়ানি, কুমারখালি মিষ্টান্ন ভাণ্ডার ও আবির হোটেলকে ট্রেড লাইসেন্স না থাকায় হোটেল রেস্তোরাঁ আইন, ২০১৪ অনুযায়ী মোবাইল কোর্টে যথাক্রমে ১,০০০/- (এক হাজার টাকা), ১,০০০/- (এক হাজার টাকা) ও ২,০০০/- (দুই হাজার টাকা) সতর্কতামূলক অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়।
পড়ুন : গাজীপুরে কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ঝুলন্ত লাশ উদ্ধার


