বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে এবং ব্র্যাক ব্যাংকের পৃষ্ঠপোষকতায় জয়পুরহাট জেলা স্টেডিয়াম মাঠে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৬’- এর দ্বিতীয় ধাপের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। তৃণমূলে নারী হকির প্রসার ও প্রতিভাবান খেলোয়াড় তৈরির লক্ষ্যে এই বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মোঃ গোলজার হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নুরুল ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারীদের ক্রীড়াঙ্গনে এগিয়ে আসার প্রশংসা করেন এবং এই উদ্যোগের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা ক্রীড়া অফিসার জনাব গৌতম কুমার সরকার, ব্র্যাক ব্যাংক জয়পুরহাট শাখার ম্যানেজার জনাব মোঃ আবু সুফিয়ান, সাবেক হকি খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক জনাব মোঃ এন এম মনজুরুল মুরশেদ (রিপন) এবং জয়পুরহাট জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই প্রশিক্ষণ প্রোগ্রামে জয়পুরহাট জেলার বাছাইকৃত ২০ জন প্রতিভাবান নারী হকি খেলোয়াড় অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে বাংলাদেশ হকি ফেডারেশন থেকে পাঠানো জার্সি ও হকি স্টিক বিতরণ করেন।
আয়োজকরা জানান, অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে দীর্ঘ ১ মাসব্যাপী। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হওয়ার পর অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের মাঝে সনদপত্র বিতরণ করা হবে।
পড়ুন : হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট মৃত্যু ছাড়াল ১৩শ
সা/


