অপহরণ মামলার জেরে বাড়িতে হামলা-ভাঙচুর, ভিডিও করায় পথচারীকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় অপহরণ মামলার জেরে বাদীর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় হামলার দৃশ্য মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে ইউসুফ মোল্লা (২৫) নামে এক পথচারী দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ফতুল্লার তক্কার মাঠ এলাকায় বাড়ির মালিক দেলোয়ার রহমান দেলুর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত ইউসুফ মোল্লা চাঁদপুরের শাহরাস্তি থানার মফিজ মোল্লার ছেলে। তিনি ফতুল্লার একটি পোশাক কারখানায় কাজ করতেন।

নিহতের মামা ওমর ফারুক জানান, মঙ্গলবার রাতে কারখানা থেকে বেতন নিয়ে বাড়ি ফিরছিলেন ইউসুফ। পথে তক্কার মাঠ এলাকায় দেলুর বাড়ির সামনে কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করতে দেখেন তিনি। এ সময় ঘটনার দৃশ্য মুঠোফোনে ধারণের চেষ্টা করলে হামলাকারীরা ইউসুফের ওপর চড়াও হয়। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে তাকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার কারণ সম্পর্কে বাড়ির মালিক দেলোয়ার রহমান দেলু জানান, গত ২০ জুন রাতে কৃষক দল নেতা জুয়েল আরমান তাকে অপহরণ করে চাঁদা দাবি করেন। এ ঘটনায় তার ছেলে জুয়েল হাওলাদার বাদী হয়ে মামলা করেন। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। ওই মামলায় জুয়েল আরমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

দেলুর দাবি, মঙ্গলবার আদালতে হাজিরা দিয়ে জামিন পাওয়ার পর জুয়েল আরমান চায়ের দোকানে বসে থাকা মামলার বাদী জুয়েল হাওলাদারের ওপর হামলা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রাতে জুয়েল আরমান লোকজন নিয়ে ধারালো অস্ত্রসহ তাদের বাড়িতে হামলা ও ভাঙচুর করতে আসেন। এ সময় পেছনের বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মুঠোফোনে ভিডিও ধারণ করতে গেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মোহাম্মদ শামীম হোসেন বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : ‎সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন