টাঙ্গাইলের বাসাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার ভোরে উপজেলার ‘স’ মিল এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাসাইল গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক বাবুল মিয়া বলেন, বুধবার ভোরে সাড়ে ৩টা দুর্বৃত্তরা স মিল এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে বোতলে পেট্রোল ঢেলে আগুন দেয়। মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। সাথে সাথে ব্যাংকের নৈশ প্রহরী দু’তলায় থাকা শাখা ব্যবস্থাপক বাবুল মিয়াকে খবর দিলে তিনিসহ অন্যরা বালি ও পানি দিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। পরে ঘটনাস্থলে পুলিশ আসে। আগুনে কলাপসিবলগেট ও ভবনের দরজা পুড়ে গেছে।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ব্যাংকের গেটের সামনে আগুন দেয়া হয়েছে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। কে কা কারা করেছে তা জানা যায়নি। জড়িতদের শনাক্তে চেষ্টা চলছে।
পড়ুন : সাতকানিয়ায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের ফটকে আগুন


