টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় অবস্থিত ‘পানসী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ নগদ টাকা ও মূল্যবান মালামাল চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেস্টুরেন্টের মালিক বুধবার দুপুরে মুহাম্মদ আল হেলাল মাছুদ টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, শহরের মুহাম্মদ আল হেলাল মাছুদের মালিকানাধীন পানসী হোটেল এন্ড রেস্টুরেন্টে কর্মরত চার কর্মচারী— শাকিল, শান্ত, হৃদয় ও হাবিব দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে প্রতিদিনের মতো হিসাব-নিকাশ শেষ করে রেস্টুরেন্ট বন্ধ করা হয় এবং চাবি শাকিলের কাছে বুঝিয়ে দিয়ে মালিক বাসায় চলে যান। পরবর্তীতে রাত আড়াইটার দিকে রেস্টুরেন্টের বাবুর্চি সবুজ মালিককে ফোনে জানান যে, শাকিল ও শান্ত বড় ঈদগাহ মাঠের উত্তর-পশ্চিম কর্নারের ভাড়া বাসা থেকে নিজেদের কাপড়চোপড় ও ব্যাগ গুছিয়ে বের হয়ে গেছেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে অন্য এক কর্মচারীকে রেস্টুরেন্টে পাঠানো হয়। সেখানে গিয়ে দেখা যায়, রেস্টুরেন্টের শাটার খোলা এবং ভেতরের দামি জিনিসপত্র উধাও। খবর পেয়ে রাত ৩ টার দিকে মালিক ঘটনাস্থলে পৌঁছে দেখেন, রেস্টুরেন্ট থেকে ওয়ালটন ওভেন, ওয়ালটন ডিপ ফ্রিজ, জেনারেটরের ব্যাটারি, আইপিএসের ব্যাটারি এবং মনিটর এবং ক্যাশ বাক্সে থাকা নগদ ৫৫ হাজার টাকা চুরি হয়ে যায়।
অভিযোগকারী মুহাম্মদ আল হেলাল মাছুদের ধারণা, রাত সাড়ে ১২টা থেকে ২টা ৫৫ মিনিটের মধ্যে কোনো এক সময়ে পরস্পর যোগসাজশে তাদের কাছে থাকা চাবি দিয়ে তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং মালামাল ও নগদ টাকা অজ্ঞাতনামা গাড়িতে তুলে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে রেস্টুরেন্টের মালিক মুহাম্মদ আল হেলাল মাছুদ বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এ ঘটনায় ঘটিয়েছে। এতে আমার প্রায় পৌঁনে ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। আমি জড়িতদের গ্রেপ্তারের দাবি করছি।
পড়ুন : কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ ছাত্রলীগ-আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


