টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা গ্রামে এক মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া রহস্যজনক আগুনে নিঃস্ব হয়ে গেছেন মোহাম্মদ আব্দুল নামের এক প্রান্তিক কৃষক। ঋণ-দেনা করে সারা বছর তিল তিল করে ফলানো তিন বিঘা জমির পাকা ধান এক রাতের ব্যবধানে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে স্বপ্নের ফসল পুড়ে যাওয়ার পর এখন অথই জলে পড়েছেন এই কৃষক। কীভাবে ঋণ শোধ করবেন আর কীভাবে সংসার চালাবেন—এই চিন্তায় তার পাগলপ্রায় অবস্থা।
ঘটনাটি গত সোমবার (১৬ নভেম্বর) গভীর রাতের। স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক মোহাম্মদ আব্দুল (যিনি ওই গ্রামের মৃত আজগর আলীর ছেলে) তিন বিঘা জমির পাকা ধান কেটে মাড়াইয়ের জন্য ক্ষেতেই সুন্দর করে স্তূপ করে রেখেছিলেন। কিন্তু রাতের আঁধারে কে বা কারা সেই ধানের স্তূপে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠা আগুনে সব পুড়ে ভস্ম হয়ে যায়। গভীর রাতে প্রতিবেশীরা ধানের স্তূপে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করলে আব্দুল দ্রুত ছুটে যান। কিন্তু ততক্ষণে তার সব শেষ। ঘটনাস্থলে পৌঁছে নিজের চোখের সামনে সোনালী ফসলকে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
আক্ষেপ করে তিনি জানান, অনেক ধার-দেনা করে এই চাষাবাদ করেছিলেন। বাড়িতে তোলার আগেই দুর্বৃত্তরা তার মুখের গ্রাস কেড়ে নিল। কে বা কেন এমন নৃশংসতা চালালো, তা তিনি বুঝে উঠতে পারছেন না। এ অবস্থায় তিনি প্রশাসনের কাছে সহযোগিতা ও বিচার দাবি করেন। এদিকে অসহায় ও ক্ষতিগ্রস্ত এই কৃষকের মর্মান্তিক দুর্দশার খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গতকাল বুধবার (১৮ নভেম্বর) সকালে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরী তাসমিন উর্মি। তিনি সরাসরি ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুলের সঙ্গে কথা বলেন, তার কষ্টের কথা শোনেন এবং তাকে শান্তনা দেন। কৃষক আব্দুলের এই দুঃসময়ে তার পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় তাকে এক বস্তা ডিএপি সার, এক বস্তা পটাশ সার, ১০ কেজি বোরো ধানের বীজ, ৫ কেজি সরিষার বীজ, কিছু শুকনো খাবার এবং নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এই পরিদর্শনে উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সেখানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রুহুল আমীন এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুন্নাহার কনা প্রমুখ।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একদিকে আগুনে পুড়ে কৃষকের সারা বছরের স্বপ্ন ও সম্বল ছাই হয়ে যাওয়ার বেদনা, অন্যদিকে উপজেলা প্রশাসনের এই সময়োপযোগী ও মানবিক সহায়তা কিছুটা হলেও তাকে ঘুরে দাঁড়ানোর নতুন আশা জুগিয়েছে।
তবে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, এই জঘন্য ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হোক। দ্রুত আগুন দেওয়ার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো কৃষকের স্বপ্ন এভাবে পুড়ে না যায়।
পড়ুন : কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ ছাত্রলীগ-আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


