নৌপথে বাল্কহেড পরিচালনায় চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দফা দাবিতে মুন্সীগঞ্জে আলোচনা সভা করেছে বাংলাদেশ বাল্কহেড মালিক সমিতি। গতকাল বুধবার দুপুরে জেলা শহরের দর্পনা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা অভিযোগ করেন, নৌপথে বাল্কহেড চালাতে গিয়ে মালিকদের প্রতিনিয়ত নানা প্রতিবন্ধকতা ও চাঁদাবাজির শিকার হতে হচ্ছে। এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও হামলার অভিযোগ তুলেন।
তাঁরা বলেন, কোটি কোটি টাকা বিনিয়োগ করেও মালিকেরা এখন ঠিকমতো ব্যবসা পরিচালনা করতে পারছেন না এবং বিভিন্নভাবে লাঞ্ছিত হচ্ছেন।
বক্তারা নৌপথে বাল্কহেড চলাচল নির্বিঘ্ন করা, মালিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিআইডব্লিউটিএর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংগঠনের মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি আ. জব্বার মাদবরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাজী মারফত আলী মিজি। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক মো. জামান খাঁন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, সিনিয়র সহসভাপতি হাজী মো. শওকত আলী, সহসভাপতি মো. সুমন বেপারী ও উপদেষ্টা হাজী মো. ইউনুস আলী।
পড়ুন : কালিয়াকৈরে পেট্রোল বোমা ও ককটেলসহ ছাত্রলীগ-আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার


