দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার: প্রধানমন্ত্রী

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এক সংসদ সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের ৮ আগস্ট দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন মার্কিন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

রেমিট্যান্সকে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের পাঠানো প্রবাসী আয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সময়েই বাংলাদেশি শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা চালু হয় বলে উল্লেখ করেন তিনি।

রেমিট্যান্স প্রবাহ বাড়ানো এবং বৈধ পথে অর্থ পাঠানো উৎসাহিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, হুন্ডি প্রতিরোধ, অর্থ পাঠানোর খরচ কমানো এবং দ্রুত প্রবাসী আয় প্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন নীতিগত সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে।

এসব উদ্যোগের অংশ হিসেবে দেশের তফসিলি ব্যাংক, বিদেশি এক্সচেঞ্জ হাউস ও মানি ট্রান্সফার অপারেটরদের মধ্যে ড্রয়িং অ্যারেঞ্জমেন্ট স্থাপনের প্রক্রিয়া সহজ করা হয়েছে। এর ফলে বিদেশে রেমিট্যান্স পাঠানোর নতুন নেটওয়ার্ক যুক্ত করা সহজ হচ্ছে। পাশাপাশি প্রবাসীদের অর্থ পাঠানোর বিকল্প চ্যানেল বাড়ছে এবং প্রতিযোগিতা বৃদ্ধির কারণে লেনদেন ব্যয় কমছে।

প্রধানমন্ত্রী জানান, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। এ ছাড়া কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরি করতে এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে সরাসরি গ্রাহকের বৈদেশিক মুদ্রার (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে।

রেমিট্যান্স সেবা আরও সহজ ও দ্রুত করতে নতুন প্রযুক্তি ও মাধ্যম নিয়ে উদ্ভাবনী কার্যক্রমও চলমান রয়েছে বলে সংসদকে জানান প্রধানমন্ত্রী।

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ

সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি। জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।

বৈঠক সূত্রে জানা গেছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম জোরদারের লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

বিজ্ঞাপন

রাজধানীর ৫০টি স্থানে বসছে এআই প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা আরও আধুনিক করতে নতুন করে ৫০টি স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সিগন্যাল স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল স্থাপনের কাজ চলছে। রাজধানীর বিভিন্ন পয়েন্টে সিগন্যাল লাইট বসানো হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে এআই ক্যামেরাসহ এসব ট্রাফিক সিগন্যাল কার্যক্রম শুরু করবে। এগুলো চালু হলে ঢাকা শহরের যানজট অনেকটা কমে আসবে।

তিনি আরও বলেন, পৃথিবীর যেকোনো বড় শহর বা জনবহুল এলাকায় সাধারণত দুটি সময়ে রাস্তায় কিছুটা যানজট থাকে। একটি সকালে স্কুল বা অফিস শুরু হওয়ার সময়, অন্যটি অফিস বা স্কুল ছুটির সময়। এ সময় দুই থেকে তিন ঘণ্টা পৃথিবীর যেকোনো বড় শহরেই যানজট থাকে। স্বাভাবিকভাবেই বাংলাদেশেও একই চিত্র দেখা যায়। তারপরও যানজট যাতে আরও কমানো সম্ভব হয়, সে চেষ্টা করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

পড়ুন : সংসদের সমাপনী দিনে বিএনপির সংসদীয় দলের বৈঠক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন