মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। প্রতিযোগিতার সর্বশেষ ফ্যান ভোটিং আপডেটে এ তথ্য জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ।
বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত এক আপডেটে জানানো হয়, দর্শকদের ভোটে এগিয়ে থাকা ৩০ প্রতিযোগীর মধ্যে রয়েছেন মাহি। তবে এটি চূড়ান্ত ফল নয়, বরং চলমান ভোটের সর্বশেষ অবস্থান। তাই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও এগিয়ে নিতে ভোট অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে আয়োজকরা।
মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে সামিরা খান মাহির জন্য ভোট দিতে, প্রচারণা চালাতে এবং অন্যদের সঙ্গে তথ্যটি ভাগ করে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ভোটের লড়াইয়ে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে সমর্থকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে আয়োজকরা।
ভোট দিতে প্রথমে অ্যাপ স্টোর অথবা গুগল প্লে থেকে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। এরপর অ্যাপের ‘ভোট’ বিভাগে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে বিনা মূল্যে ভোট দেওয়া যাবে। চাইলে বিনা মূল্যের ভোটের পাশাপাশি অর্থের বিনিময়েও ভোট দেওয়ার সুযোগ রয়েছে।
এ ছাড়া অ্যাপটিতে বিভিন্ন গেম খেলে পয়েন্ট সংগ্রহের ব্যবস্থাও রয়েছে। এসব পয়েন্ট ব্যবহার করে প্রতিযোগীর প্রতি সমর্থন জানাতে পারবেন ভক্তরা।
পড়ুন : অমিতাভের বাড়িতে হামলার ষড়যন্ত্র, এবার বাবা-ছেলেকে প্রাণনাশের হুমকি


