মেহেরপুরের গাংনীতে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাংনী পৌর বিএনপি। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে গাংনী উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি হাসপাতাল বাজারসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
গাংনী পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুমন এবং গাংনী পৌর যুবদলের সদস্যসচিবসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন দলীয় নেতারা। এ সময় তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সমাবেশে গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুমন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার ১৭ বছরে যে উন্নয়ন করেছে বলে দাবি করে, বর্তমান তারেক রহমানের সরকার তার চেয়ে বেশি উন্নয়ন করেছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা মাঠে নেমেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ স্বৈরাচার শেখ হাসিনা সরকারের দোসররা রাতের আঁধারে বিভিন্ন স্থানে পোস্টারিং কর্মসূচি পালন করছে। তাদের উদ্দেশে তিনি বলেন, সাহস থাকলে রাজপথে আসুন। গোপালগঞ্জে আপনারা যে কর্মকাণ্ড চালাচ্ছেন, সে বিষয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে পার্শ্ববর্তী দুই জেলাকে দিয়ে গোপালগঞ্জের নাম পরিবর্তন করিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। এ সময় তিনি আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন।
গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা গোপালগঞ্জে থানা ও সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে গার্মেন্টসকর্মীদের রাস্তায় নামিয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা হামলার শিকার হচ্ছেন বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দেশের বাইরে থেকে উসকানি দেওয়া হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে দেশের স্থিতিশীলতা ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশ থেকে বক্তারা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
পড়ুন : নিয়ামতপুরে অবৈধ মজুদকৃত ২১৪ বস্তা সার উদ্ধার


