শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের মধ্যে সীমাবদ্ধ না রেখে সৃজনশীল, আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। এরই অংশ হিসেবে প্রতিষ্ঠানটিতে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়। প্রতিটি শ্রেণিতে শ্রেণিশিক্ষকদের নেতৃত্বে পৃথকভাবে ক্লাস পার্টির আয়োজন করা হয়। সহপাঠীদের সঙ্গে গল্প, আড্ডা, হাসি-আনন্দ আর নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উপভোগ করে শিক্ষার্থীরা। নিয়মিত পড়াশোনার ব্যস্ততার বাইরে এমন আয়োজন তাদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, ‘আমরা চাই, শিক্ষার্থীরা শুধু ভালো ফলাফল করুক, তা নয়; তারা যেন সুন্দর মন, সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও মানবিক মূল্যবোধ নিয়ে বেড়ে ওঠে। আনন্দময় শৈশব একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ অংশ। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের আনন্দ, বিনোদন ও সুস্থ সাংস্কৃতিক চর্চার সুযোগ তৈরি করাও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব।’
তিনি আরও বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে। একই সঙ্গে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেও একে অপরকে জানার ও বোঝার সুযোগ পায়।
পুরো আয়োজনটি বালক শাখার সমন্বয়ক বিল্লাল হোসেন ও বালিকা শাখার সমন্বয়ক সাবিকুন্নাহারের তত্ত্বাবধানে পরিচালিত হয়। শ্রেণিশিক্ষকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বালক শাখার সমন্বয়ক বিল্লাল হোসেন বলেন, শিক্ষার্থীদের মুখে হাসি ফোটানো এবং তাদের জন্য আনন্দময় স্মৃতি তৈরি করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। বালিকা শাখার সমন্বয়ক সাবিকুন্নাহার বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আনন্দ দেখে তাঁরা অভিভূত। এ আয়োজন তাদের শৈশবের স্মৃতিতে বিশেষ জায়গা করে নেবে।
প্রতিষ্ঠানসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, শিক্ষা শুধু পাঠ্যবই কিংবা পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও সুন্দর শিক্ষাজীবন গড়ে তুলতে পড়াশোনার পাশাপাশি আনন্দময় পরিবেশও জরুরি।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক


