বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চাঁদপুর ইউনিটের ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এ কমিটিতে পদাধিকারবলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সেলিম উল্লাহ সেলিম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাংবাদিক মুহাম্মদ মুনির চৌধুরী এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমেদ বাহার।
গত ১৫ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মো. হাবিবুর রহমান খানের স্বাক্ষরিত এক সার্কুলারের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এর আগে ১ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়।
অনুমোদিত কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন—ব্যবসায়ী তমাল কুমার ঘোষ, সাংবাদিক কাজী শাহাদাত, সাংবাদিক সোহেল রুশদী, ডা. মো. জাহাঙ্গীর খান এবং সাংবাদিক মোঃ রিয়াজুর রহমান রানা। এছাড়া সদস্য হিসেবে মনোনীত হয়েছেন পিপি অ্যাডভোকেট কুহিনূর বেগম, ডাঃ জওহর লাল আচার্য এবং আলমগীর আলম জুয়েল।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি অর্ডার, ১৯৭৩ (প্রেসিডেন্টস অর্ডার নং ২৬ অব ১৯৭৩)-এর ৭(৪) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে চাঁদপুর ইউনিটের নির্বাচিত ও মনোনীত সদস্যদের সমন্বয়ে এ কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়। সার্কুলারে উল্লেখ করা হয়, ২০২৬-২০২৮ মেয়াদের জন্য নির্বাচিত সাতজন সদস্য এবং মনোনীত তিনজন সদস্যকে নিয়ে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটি অনুমোদনের মধ্য দিয়ে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। মানবিক সহায়তা, দুর্যোগকালীন উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে নতুন নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের অন্যতম প্রধান মানবিক সেবামূলক প্রতিষ্ঠান। প্রাকৃতিক দুর্যোগ, জরুরি মানবিক সংকট ও বিভিন্ন সামাজিক প্রয়োজনে প্রতিষ্ঠানটি মানুষের পাশে থেকে কাজ করে আসছে। চাঁদপুর ইউনিটও স্থানীয় পর্যায়ে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনায় ভূমিকা রেখে চলেছে।
নবগঠিত কমিটির মাধ্যমে চাঁদপুরে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও শক্তিশালী হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
পড়ুন : দিনরাত পরিশ্রম, নেই চাকরির নিশ্চয়তা! আট দফা দাবিতে মাঠে বিক্রয় প্রতিনিধিরা


