পোশাক শ্রমিকদের জন্য সরকারের বিশেষ খোলা বাজারে পণ্য বিক্রয় (ওএমএস) কর্মসূচি অব্যাহত রয়েছে। এ কর্মসূচির আওতায় নারায়ণগঞ্জে প্রতি শুক্রবার ৩০ টাকা কেজি দরে চাল পাচ্ছেন ৫ হাজার পোশাক শ্রমিক। জেলার ১০টি স্থানে খোলা ট্রাকের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে চাল সংগ্রহ করতে শ্রমিকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পনগরী, তল্লা, কায়েমপুর, কাঠেরপুল, আদমজী ইপিজেড, সোনারগাঁ ও রূপগঞ্জসহ ১০টি স্থানে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ট্রাকে পাঁচ টন করে মোট ১০টি ট্রাকে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। প্রতি কেজি চালের দাম ৩০ টাকা। একজন পোশাক শ্রমিক মাসে একবার সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন।
চাল নিতে আসা শ্রমিকরা জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতির বাজারে কম দামে চাল পাওয়ায় তাদের কিছুটা সাশ্রয় হচ্ছে। তবে চালের পাশাপাশি ডাল, তেল, আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যও কম দামে সরবরাহ করা হলে তারা আরও বেশি উপকৃত হতেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. বাবুল হোসেন জানান, পোশাকশিল্পের শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন প্রতি শুক্রবার নারায়ণগঞ্জে ১০টি খোলা ট্রাকের মাধ্যমে ৫০ টন চাল বিক্রি করা হচ্ছে। আজ দ্বিতীয় দিনের মতো এ কার্যক্রম চলছে। একজন পোশাক শ্রমিক মাসে একবার ১০ কেজি চাল কিনতে পারবেন। প্রতি কেজি চালের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা।
পড়ুন : সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন


