চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিকদের মজুরি বাড়ল ৪ হাজার ৮০০ টাকা

ছয় বছর পর চামড়াপণ্য ও জুতা কারখানার শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন মজুরিকাঠামো ঘোষণা করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় গত সপ্তাহে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন এই কাঠামো অনুযায়ী, শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ৪ হাজার ৮০০ টাকা বাড়িয়ে ১১ হাজার ৯০০ টাকা এবং কর্মচারীদের সর্বনিম্ন মজুরি ৫ হাজার ৮৮০ টাকা বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি প্রতিবছর ৫ শতাংশ হারে মজুরি বৃদ্ধির বিধান রাখা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে সর্বশেষ ২০২০ সালের সেপ্টেম্বরে মজুরি বোর্ডের মাধ্যমে এ খাতের মজুরি নির্ধারণ করা হয়েছিল। চলতি বছরের শুরুতে মজুরি পুনর্নির্ধারণে ছয় সদস্যের একটি মজুরি বোর্ড গঠন করা হয় এবং কয়েক দফা বৈঠকের পর গত আগস্টে বোর্ড নতুন কাঠামোটি চূড়ান্ত করে। উল্লেখ্য, দেশে প্রায় ২০০টি চামড়াপণ্য ও জুতা কারখানায় দুই লাখের বেশি শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন।

নতুন মজুরিকাঠামোতে শ্রমিকদের জন্য মোট ছয়টি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সর্বনিম্ন ষষ্ঠ গ্রেডের সহকারী অপারেটরদের মজুরি ৭ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ১১ হাজার ৯০০ টাকা হয়েছে—যার মধ্যে মূল মজুরি ৬ হাজার টাকা, বাড়িভাড়া ৩ হাজার টাকা, চিকিৎসা ভাতা ১ হাজার টাকা, যাতায়াত ভাতা ৬০০ টাকা এবং খাদ্য ভাতা ১ হাজার ৩০০ টাকা। চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ এই ২ হাজার ৯০০ টাকা সব গ্রেডের শ্রমিকেরাই সমান হারে পাবেন।

অন্যান্য গ্রেডের মধ্যে পঞ্চম গ্রেডের জেনারেল অপারেটরদের মোট মাসিক মজুরি ১৩ হাজার ৮৫ টাকা, চতুর্থ গ্রেডের জুনিয়র অপারেটরদের ১৪ হাজার ৪০৫ টাকা, তৃতীয় গ্রেডের অপারেটরদের ১৫ হাজার ৮৭৫ টাকা এবং দ্বিতীয় গ্রেডের সিনিয়র অপারেটরদের ১৭ হাজার ৯৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বোচ্চ প্রথম গ্রেডের চিফ কোয়ালিটি কন্ট্রোলার, লাইন লিডার ও স্যাম্পল ম্যান পদের শ্রমিকদের মাসিক মজুরি বেড়ে হয়েছে ২৩ হাজার ২৫৫ টাকা।

এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিক ও কর্মচারীদের মাসিক মজুরি সব মিলিয়ে ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। শিক্ষানবিশকাল হবে তিন মাস, তবে প্রয়োজনে মালিকপক্ষ এই সময়সীমা বাড়াতে পারবে।

কর্মচারীদের জন্য নির্ধারিত চারটি গ্রেডের মধ্যে সর্বনিম্ন চতুর্থ গ্রেডের মজুরি ৮ হাজার ৫২৫ টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার ৪০৫ টাকা করা হয়েছে। এতে মূল মজুরি ৭ হাজার ৬৭০ টাকা ও বাড়িভাড়া ৩ হাজার ৮৩৫ টাকার পাশাপাশি শ্রমিকদের মতোই চিকিৎসা, যাতায়াত ও খাদ্য ভাতা বাবদ ২ হাজার ৯০০ টাকা যুক্ত রয়েছে। এ ছাড়া তৃতীয় গ্রেডের কর্মচারীদের মজুরি ১৬ হাজার ২৩৫ টাকা, দ্বিতীয় গ্রেডের ১৮ হাজার ৮১৫ টাকা এবং প্রথম গ্রেডের মজুরি বেড়ে ২০ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

মজুরি বোর্ডের আলোচনায় শ্রমিকপক্ষ শুরুতে সর্বনিম্ন মজুরি সাড়ে ১২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছিল, যার বিপরীতে মালিকপক্ষের প্রাথমিক প্রস্তাব ছিল ৮ হাজার টাকা। চূড়ান্ত ঘোষিত মজুরিতে শ্রমিকদের আয় বাড়লেও বর্তমান বাজারদরের সঙ্গে এটি কতটা সামঞ্জস্যপূর্ণ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন শ্রমিক প্রতিনিধিরা।

মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি মো. মুমিনুল আহসান জানান, বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির কারণে মালিকেরা নানা চ্যালেঞ্জের মধ্যে আছেন; অন্যদিকে মূল্যস্ফীতির কারণে শ্রমিকেরাও ভালো নেই—তাই সব দিক বিবেচনা করেই সর্বসম্মতিক্রমে এই মজুরি নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, চূড়ান্ত হওয়া মজুরিতে শ্রমিকের ন্যূনতম চাহিদা মিটবে কি না—এমন প্রশ্নের জবাবে শ্রমিকপক্ষের প্রতিনিধি আওরেঙ্গজেব চৌধুরী বলেন, ‘শ্রমিকদের সন্তুষ্ট হওয়ার কারণ নেই। কারণ, বর্তমান বাজারদরের সঙ্গে এই মজুরি যায় না।’ শুরুতে সাড়ে ১২ হাজার টাকার বেশি মজুরি প্রস্তাব না করার কারণ জানতে চাইলে তিনি জানান, তখন দেশের সামগ্রিক অবস্থা বিবেচনা করেই তুলনামূলক কম মজুরির প্রস্তাব দেওয়া হয়েছিল।

পড়ুন : জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন