চট্টগ্রামের পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকা থেকে দিনদুপুরে ছিনতাই হওয়া ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেল ৫টার দিকে চন্দনাইশের দোহাজারি পৌরসভার ফুলতলা এলাকা থেকে ভ্যানটি উদ্ধার করা হয়। এ সময় ভ্যানের পাঁচটি ব্যাটারিও উদ্ধার করা হয়েছে।
জানা যায়, ভ্যানচালক আব্দুর রহিম প্রতিদিনের মতো শনিবার সকালে পটিয়া পৌরসভার পোস্ট অফিস এলাকার একটি দোকানের সামনে ভ্যানটি রেখে দোকানে প্রবেশ করেন। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে অজ্ঞাত এক যুবক মাস্টার চাবি ব্যবহার করে প্রকাশ্যে ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ভ্যানটির সন্ধান পাননি মালিক।
ঘটনার পর পটিয়ার গণমাধ্যমকর্মীরা ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে অভিযুক্ত যুবকের পরিচয় শনাক্তে সহায়তা পাওয়া যায়। তার নাম ইসমাইল। তিনি পটিয়ার খরনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশের পর স্থানীয় কয়েকজন বাসিন্দা তার বিরুদ্ধে চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ করেন।
ঘটনার খবর পেয়ে পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমার নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে। ছিনতাইকারীর মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেলের নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে পটিয়া থানা পুলিশের একটি দলও অভিযানে যোগ দেয়।
টানা পাঁচ ঘণ্টার অভিযানে দোহাজারির ফুলতলা এলাকার সাইফু ব্যাটারি হাউস থেকে ছিনতাই হওয়া পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়। পরে বটতল এলাকার একটি চায়ের দোকানের পাশে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি পাওয়া যায়।
পটিয়া থানার ইনচার্জ যুযুৎসু যশ চাকমা জানান, দিনদুপুরে ভ্যান ছিনতাইয়ের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে। মোবাইল নম্বরের সূত্র ধরে দোহাজারি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোহাম্মদ সোহেল অভিযান পরিচালনা করেন। পরবর্তী সময়ে পটিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অভিযান সম্পন্ন করে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


