ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অন্যের সন্তানের জন্মনিবন্ধনে নিজের নাম ব্যবহারের অভিযোগ করেছেন সাবিনা ইয়াছমিন (৩৪) নামের এক নারী। নিজের সন্তানের জন্মনিবন্ধন করতে গিয়ে তিনি জানতে পারেন, তাঁর নামে আগেই অন্য একটি শিশুকে দ্বিতীয় সন্তান হিসেবে নিবন্ধন করা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সাবিনা। তাঁর স্বামীও প্রয়োজনে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, সাবিনা ইয়াছমিনের স্বামী মোহাম্মদ হাদিউল ইসলাম ভূঁইয়া। তাঁদের বাড়ি আখাউড়া উপজেলার আজমপুর এলাকায়। তাঁদের তিন বছর বয়সী একটি সন্তান রয়েছে। সম্প্রতি ওই সন্তানের জন্মনিবন্ধন করাতে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদে যান সাবিনা। সেখানে গিয়ে জন্মনিবন্ধন-সংক্রান্ত জটিলতার মুখে পড়েন তিনি।
সাবিনার অভিযোগ, জন্মনিবন্ধনের আবেদন করতে গেলে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ব্যক্তিরা তাঁকে জানান, তাঁর নামে আগেই দ্বিতীয় সন্তানের জন্মনিবন্ধন করা হয়েছে। অথচ তিনি আগে কোনো সন্তানের জন্মনিবন্ধন করাননি। তাঁর দাবি, তাঁদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। স্বাভাবিক নিয়মে তাঁদের দ্বিতীয় সন্তানকে দ্বিতীয় সন্তান হিসেবেই নিবন্ধনের কথা। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে তাঁর সন্তানকে তৃতীয় সন্তান হিসেবে দেখিয়ে জন্মনিবন্ধনের আবেদন করতে বলা হয়।
এ ঘটনায় গত ৫ নভেম্বর আখাউড়া থানায় লিখিত অভিযোগ করেন সাবিনা ইয়াছমিন। অভিযোগে তিনি নিজের নাম ব্যবহার করে অন্য শিশুর জন্মনিবন্ধন করার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
এ বিষয়ে আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদের প্রশাসক কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘আবেদনকারীকে আগে দ্বিতীয় সন্তানের নিবন্ধন বাতিল করতে হবে। এ জন্য ঢাকা থেকে প্রত্যয়ন আনতে হবে। জরুরি হলে তৃতীয় সন্তান হিসেবে নিবন্ধন করাতে পারেন। এরপর দ্বিতীয় সন্তানের নিবন্ধন বাতিলের আবেদন করতে পারবেন।’
তবে কীভাবে সাবিনা ইয়াছমিনের নামে অন্য শিশুর জন্মনিবন্ধন হয়েছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


