সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্ত এলাকায় মরকিটিলা নামক স্থান থেকে পাথর আনতে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে শাহরিয়ার (২২) নামে এক বাংলাদেশী নাগরিক শ্রমিককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (২১ নভেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলার বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় ১২৬৩/৭ এস পিলার সংলগ্ন ভারতের অভ্যন্তরে স্থান থেকে তাকে ধরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।
ভারতে আটক শাহরিয়ার গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের উপর গ্রামের মনির মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বিছনাকান্দি সীমান্তের মরকিটিলা এলাকায় জিরো পয়েন্ট স্থানীয় অন্যান্য শ্রমিকের সাথে পাথর আনতে যান শাহরিয়ার। এক পর্যায়ে সীমান্ত এলাকা থেকে পাথর আনতে গিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করেন শাহরিয়ার ও তার সহযোগীরা। এসময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ধাওয়া দিলে তার সহযোগীরা পালিয়ে বাংলাদেশে চলে আসলেও শাহরিয়ারকে আটক করে ধরে নিয়ে যান ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা।
এদিকে, শাহরিয়ারের বাবা মনির মিয়া সাংবাদিকদের জানান, তার ছেলে কানে কম শোনে। শনিবার সকালে তাকে হাদারপার বাজারে দোকানে যাওয়ার জন্য পাঠানো হয়েছিল। কিন্তু সে দোকানে না গিয়ে পাথর আনতে মরকিটিলা এলাকায় চলে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে নিয়ে যায়।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমাদ বলেন,অবৈধভাবে পাথর উওোলনের জন্য ভারতের ভিতরে ঢুকে গিয়েছিল। অবৈধভাবে ভারতের ভিতর ঢুকার কারণে বিএসএফ কর্তৃক আটক হয়েছে। এ বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র সাথে আলোচনা চলছে বলেও জানান তিনি।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


