শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ তুলে ঐতিহাসিক পাগলা মসজিদে দান করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, শ্যালকের হাতে ২০ মাস বয়সী শিশুসন্তান নির্যাতনের শিকার হয়েছে, স্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়েছে, প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করা হয়েছে এবং ব্যবসা প্রতিষ্ঠা করে দেওয়ার পরও প্রায় ৭ লাখ টাকা ক্ষতির মুখে পড়েছেন তিনি।
সব মিলিয়ে তাঁর দাবি, শ্বশুরবাড়ির লোকজনের কারণে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ১৯ লাখ ২৫ হাজার টাকা। এসব ঘটনায় বিচার ও নিজের হারানো সম্পদ ফিরে পাওয়ার আশায় পাগলা মসজিদে দান করে আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছেন তিনি।
ওই ব্যক্তি তাঁর আবেদনে লিখেছেন, দুনিয়ায় ন্যায়বিচার না পেলে তিনি মহান আল্লাহর কাছে বিচার চান। তাঁর ভাষায়, ‘আমি অত্যন্ত অসহায়। তাই আপনারই দরবারে আমার ফরিয়াদ পেশ করছি।
অভিযোগে বলা হয়, তাঁর স্ত্রী বাবার বাড়িতে অবস্থানকালে ২০ মাস বয়সী সন্তানকে একা রেখে রান্নাঘরে নাস্তা প্রস্তুত করতে যান। এ সময় তাঁর শ্যালক শিশুটির গলায় চেপে ধরে ঝুলিয়ে বিছানায় ছুড়ে ফেলেন। এতে শিশুটি গুরুতর আহত হয় বলে দাবি করেন তিনি। পরে শিশুটির গলায় ছুরি ধরে ভয়ভীতি দেখিয়ে স্ত্রীর মোবাইল ফোন নিয়ে নেওয়ার অভিযোগও করেন ওই ব্যক্তি।
তাঁর অভিযোগ, ওই মোবাইল ফোন ব্যবহার করে স্ত্রীর ছোট বোনের সহযোগিতায় মোবাইল ব্যাংকিং অ্যাপ অন্য একটি ফোনে চালু করা হয়। এরপর স্ত্রীর ব্যাংক হিসাব থেকে বিভিন্ন লেনদেনের মাধ্যমে ৩ লাখ ৫৬ হাজার টাকা সরিয়ে নেওয়া হয়। ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে তিনি এ বিষয়ে নিশ্চিত হয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন।
এ ঘটনায় গত ১২ জুন থানায় লিখিত অভিযোগ দেন তিনি। তাঁর দাবি, অভিযোগের ভিত্তিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদের নির্দেশে অভিযুক্তকে গ্রেপ্তারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি। পরে ১৩ জুন কিশোরগঞ্জ পুলিশ ফাঁড়িতে অনুষ্ঠিত বৈঠকে ১৩ আগস্ট ২০২৬-এর মধ্যে ওই টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে টাকা ফেরত পেয়েছেন কি না, তা আবেদনে স্পষ্ট করেননি তিনি।
শুধু ব্যাংকের টাকা নয়, স্বর্ণালংকার নিয়েও অভিযোগ রয়েছে তাঁর। আবেদনে উল্লেখ করা হয়, ২০২৫ সালে ঈদুল আজহার সময় নিরাপত্তার জন্য স্ত্রীর প্রায় তিন ভরি আট আনা স্বর্ণালংকার শ্বশুরের কাছে রাখা হয়েছিল। পরে ফেরত চাইলে সেগুলো চুরি হয়ে গেছে বলে জানানো হয়। তবে একই স্থানে রাখা পরিবারের অন্য সদস্যদের গহনা অক্ষত ছিল বলে দাবি করেন তিনি।
পরবর্তীতে খোঁজ নিয়ে তাঁর অভিযোগ, এক নারীর মাধ্যমে আগার বাজার ফায়ার সার্ভিসের বিপরীত পাশে ওই স্বর্ণালংকার বিক্রি করা হয়েছে। বর্তমান বাজারমূল্যে এসব স্বর্ণের আনুমানিক মূল্য ৮ লাখ ৭৫ হাজার টাকা বলে দাবি তাঁর।
২০২২ সালে শ্যালককে স্বাবলম্বী করতে নির্মাণসামগ্রীর ব্যবসা প্রতিষ্ঠা করে দেওয়ার কথাও আবেদনে উল্লেখ করেন তিনি। দোকান নির্মাণ, সম্প্রসারণ, টিন পরিবর্তনসহ বিভিন্ন কাজে প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা ব্যয় করেন। পাশাপাশি প্রায় ৬০০ বস্তা সিমেন্ট, ১ হাজার লিটার নির্মাণ কেমিক্যালসহ বিভিন্ন মালামালের জন্য ৫ লাখ টাকা এবং মোটরসাইকেল কেনার জন্য আরও ৫০ হাজার টাকা দেন।
তাঁর দাবি, পরবর্তীতে শ্যালক অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ব্যবসাটি ধ্বংস করে দেন। এরপর থেকে তাঁর সঙ্গে আর কোনো আর্থিক বা ব্যক্তিগত যোগাযোগ রাখেননি বলে জানান ওই ব্যক্তি।
আবেদনে ক্ষতির হিসাব তুলে ধরে তিনি উল্লেখ করেন, ব্যাংক হিসাব থেকে স্থানান্তরিত ৩ লাখ ৫৬ হাজার টাকা, স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ৮ লাখ ৭৫ হাজার টাকা, দোকান নির্মাণ ও সম্প্রসারণ ব্যয় ১ লাখ ৪৪ হাজার টাকা, নির্মাণসামগ্রী বাবদ ৫ লাখ টাকা এবং মোটরসাইকেল কেনার জন্য দেওয়া ৫০ হাজার টাকা। সব মিলিয়ে তাঁর দাবি, ক্ষতির পরিমাণ ১৯ লাখ ২৫ হাজার টাকা।
আবেদনে নিজের অসহায়ত্ব তুলে ধরে তিনি আরও লেখেন, ১৯৯৬ সালে বাবাকে এবং ২০২২ সালে মাকে হারিয়েছেন। বর্তমানে তাঁর কোনো অভিভাবক নেই। নিজের কষ্টার্জিত সম্পদ হারিয়ে তিনি নিঃস্ব ও অসহায় হয়ে পড়েছেন।
তিনি কারও প্রতি অন্যায় বিচার চান না উল্লেখ করে লিখেছেন, ‘আমি শুধু সত্যের বিচার চাই। যদি আমার অভিযোগ সত্য হয়ে থাকে, তবে আপনি আপনার ন্যায়বিচার অনুযায়ী ফয়সালা করুন।’
শিশুসন্তানের নিরাপত্তা, পরিবারের শান্তি এবং হারানো সম্পদ ফিরে পাওয়ার আকুতি জানিয়ে পাগলা মসজিদে দান করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন তিনি। তাঁর আবেদন, যাঁরা তাঁর সন্তান, পরিবার ও সম্পদের প্রতি অন্যায় করেছেন, তাঁদের হেদায়েত করা হোক; আর অন্যায় হয়ে থাকলে ন্যায়বিচারের মাধ্যমে সত্য প্রকাশ করা হোক।
পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন


